এস আলমের গৃহকর্মীর ২২ ব্যাংক অ্যাকাউন্টে কোটি টাকা

চট্টগ্রামভিত্তিক বিতর্কিত ব্যবসায়ী ও এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলমের গৃহকর্মীর ব্যংক অ্যাকাউন্টে কোটি টাকার স্থায়ী আমানতের সন্ধান পেয়েছেন কর কর্মকর্তারা। ওই গৃহকর্মীর নাম মর্জিনা আকতার। 

এস আলম পরিবারের কর ফাঁকির বিষয়ে তদন্ত করতে গিয়ে এই অর্থের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর অঞ্চল-১৫–এর একটি অনুসন্ধানী দল। 

তদন্তকারীদের সূত্রে জানা গেছে, চট্টগ্রাম শহরে ইসলামী ব্যাংকের পাঁচলাইশের এসএফএ টাওয়ার শাখায় ২২টি স্থায়ী আমানতের মাধ্যমে এক কোটি টাকা গচ্ছিত রেখেছেন গৃহকর্মী মর্জিনা আকতার। এসব স্থায়ী আমানত খোলা হয়েছে চলতি বছরের ৪ ফেব্রুয়ারি। শুরুতে প্রতিটি এফডিআরে গড়ে সাড়ে চার লাখ টাকা করে রাখা হয়। এখন প্রতিটি এফডিআরের বিপরীতে সুদসহ ৪ লাখ ৭০ হাজার ৯০৩ টাকা জমা হয়েছে। সেই হিসাবে ইসলামী ব্যাংকে মর্জিনা আকতারের ২২টি এফডিআরে জমা আছে ১ কোটি ৩ লাখ ৫৯ হাজার ৮৬৬ টাকা।

একজন গৃহকর্মীর ব্যাংক হিসাবে কোটি টাকার বেশি জমা থাকায় বিস্মিত কর কর্মকর্তারা। তাঁরা এ অর্থ জব্দ করার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করেছেন। কর কর্মকর্তাদের ধারণা, এই টাকা মর্জিনা আকতারের না–ও হতে পারে। সম্ভবত তাঁর নামে হিসাব খুলে টাকা রাখা হয়েছে।

এ ছাড়া চট্টগ্রাম শহরের প্রবর্তক মোড়ে অবস্থিত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের একটি শাখায় মর্জিনা আকতারের আরেকটি ব্যাংক হিসাবের সন্ধান মিলেছে। হিসাবটি ২০১২ সালের জানুয়ারি মাসে খোলা হয়। গত ২৭ আগস্ট পর্যন্ত ১২ বছরে এ হিসাবে ১ কোটি ৮৪ লাখ টাকা লেনদেন হয়েছে বলে নথিপত্রে দেখা গেছে। বিভিন্ন সময়ে ওই হিসাবে টাকা জমা ও উত্তোলন করা হয়েছে। বর্তমানে ওই হিসাবে উত্তোলনযোগ্য অর্থ নেই বলে কর্মকর্তারা জানিয়েছেন।