ব্যাংক একাউন্টে বাধ্যতামূলক হচ্ছে টিআইএন

আপডেট : ০৮ জুন ২০২৬, ০৩:১৭ পিএম

করের আওতা সম্প্রসারণ ও রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে ব্যাংক হিসাব খোলা এবং সচল রাখার ক্ষেত্রে ট্যাক্সপেয়ার আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) বাধ্যতামূলক করার পরিকল্পনা করছে সরকার। আসন্ন বাজেটে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব আসতে পারে।

তবে শিক্ষার্থী, সরকারি ভাতাভোগী এবং গেজেটের মাধ্যমে কর অব্যাহতি পাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের ক্ষেত্রে এ বাধ্যবাধকতা থেকে ছাড় দেওয়া হতে পারে বলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সূত্রে জানা গেছে। নতুন ও বিদ্যমান সব ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে টিআইএন জমা দেওয়া অপরিহার্য হতে পারে।

বর্তমানে দেশে বিপুলসংখ্যক ব্যাংক হিসাবধারী রয়েছেন, যাদের টিআইএন নেই। যদিও টিআইএন না থাকলে ব্যাংক আমানতের সুদের ওপর বেশি হারে উৎসে কর দিতে হয়, এতদিন টিআইএন নেওয়া বাধ্যতামূলক ছিল না।

ব্যাংকারদের মতে, টিআইএন বাধ্যতামূলক করা হলে ব্যাংক হিসাবধারীর সংখ্যা এবং ব্যাংকিং চ্যানেলে লেনদেন—দুটিই কমে যেতে পারে। তবে কর বিশেষজ্ঞদের মতে, ব্যাংক হিসাব খোলা ও পরিচালনার ক্ষেত্রে টিআইএন বাধ্যতামূলক হলে ব্যাংক লেনদেনের ওপর নজরদারি বাড়বে এবং কর ফাঁকির সুযোগ কমবে।

এদিকে এনবিআর ব্যাংকের তথ্যের সঙ্গে সরাসরি সংযুক্ত (ইন্টিগ্রেটেড) হওয়ার উদ্যোগ নিয়েছে। শুধু ব্যাংক নয়, জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ইউটিলিটি সেবা, সাব-রেজিস্ট্রি অফিসসহ বিভিন্ন সংস্থার তথ্যভান্ডারের সঙ্গেও অনলাইনভিত্তিক সংযুক্তি স্থাপনের পরিকল্পনা রয়েছে।

করের আওতা বাড়াতে আরও কয়েকটি নতুন পদক্ষেপ বিবেচনা করছে এনবিআর। এর মধ্যে রয়েছে ১৫০ সিসি বা তার বেশি ক্ষমতাসম্পন্ন মোটরসাইকেল নিবন্ধনের ক্ষেত্রে টিআইএন বাধ্যতামূলক করা, উৎসে কর কর্তনকারী প্রতিষ্ঠানগুলোর জন্য উইথহোল্ডার্স রেজিস্ট্রেশন নম্বর (উইন) চালু করা এবং খুচরা ব্যবসায়ীদের ওপর শূন্য দশমিক ২০ শতাংশ কর আরোপ।

দেশে প্রায় ১৭ কোটি ব্যাংক হিসাব রয়েছে। তবে অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠানের একাধিক হিসাব থাকায় প্রকৃত হিসাবধারীর সংখ্যা কত, তার সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত