ঢাকা কলেজের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে সিয়াম (১০) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজিমপুরের ফয়জুল উলুম মাদ্রাসার হেফজ বিভাগে পড়ত সে।
আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস পানি থেকে ওই শিক্ষার্থীকে তুলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা ২টা দিকে তাকে মৃত ঘোষণা করেন। সিয়াম ময়মনসিংহের গফরগাঁও উপজেলার নজরুল ইসলামের ছেলে। আজিমপুরের একটি মাদ্রাসায় থাকতো সে।
হাসপাতালে সিয়ামের চাচা নুরুল ইসলাম জানান, দুপুরে কয়েকজন সহপাঠীর সাথে গোসল করতে ঢাকা কলেজের পুকুরে গিয়েছিল সিয়াম। সে কিছুটা সাঁতারও জানতো। তবে গোসল করতে করতে হঠাৎ পানিতে তলিয়ে যায় সিয়াম। তখন সহপাঠীরা ডুব দিয়ে তাকে পানির তলে খোঁজাখুঁজি করে। তবে না পেয়ে স্থানীয়দের জানায়। পরবর্তীতে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা গিয়ে পানি থেকে সিয়ামকে উদ্ধার করে।
চিকিৎসকদের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, সিয়ামের মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি নিউমার্কেট থানা পুলিশ তদন্ত করছে।