ডেমরায় জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ২৮ জুন ২০২৪, ০২:২২ পিএম

রাজধানীর ডেমরায় জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে আব্দুল আহাদ (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ জুন) সকাল ১০টার দিকে ডেমরার মুসলিম নগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শিশু আব্দুল আহাদ স্থানীয় আব্দুল ওমর ইবনুল খাত্তাব হাফিজিয়া মাদ্রাসা ছাত্র ছিল।

স্বজনরা জানান, শিশুটির বাবা খোকন মিয়া ফলের দোকানদার আর মা দিলুয়ারা বেগম গৃহিণী। দুই ভাইবোনের মধ্যে ছোট আহাদ পরিবারের সাথে থাকত মুসলিমনগর কুয়েতি মসজিদের পাশে একটি বাড়িতে। তাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জগন্নাথপুর।

শিশুটির চাচা আবুল হোসেন জানান, সকালে বাসা থেকে একাই খেলতে বের হয় আহাদ। এর ১০ মিনিট পর অন্য এক শিশু বাসায় এসে তার মাকে খবর দেয়, পানিতে পড়ে গেছে আহাদ। তখন স্বজনরা দৌড়ে সেখানে গিয়ে পানিতে ভাসতে দেখেন আহাদকে। উদ্ধার করে সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি থানা পুলিশকে জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত