বধূ বেশে ব়্যাম্পে হাঁটলেন ক্যানসার আক্রান্ত হিনা

মারণ রোগ ক্যানসার থাবা বসিয়েছে হিনা খানের শরীরে। ক্যানসারের তৃতীয় ধাপ চলছে তার। চলছে কেমোথেরাপি। লড়াইটা সহজ নয়। তবুও অদম্য মনের জোর। মানসিক শক্তি তাকে এতটুকু টলাতে পারেনি। তাই তো এই অসুস্থ শরীরেও মার্জার সরণিতে কনে সাজে বাজিমাত করলেন হিনা।

ভাইরাল হওয়া সেই ভিডিও বর্তমানে অনেকের জীবনযুদ্ধে সাহস জোগাবে। ভিডিওতে দেখা গেছে, হিনার পরনে লাল লেহেঙ্গা। বধূ বেশে পায়ে আলতা। দিব্যি আত্মবিশ্বাসের সঙ্গে ব়্যাম্পে হাঁটছেন আগের মতোই। আর সেই ক্যামেরাবন্দি মুহূর্তই নেটপাড়ায় আপাতত ভাইরাল। যা দেখে অভিনেত্রীকে কুর্নিশ জানিয়েছেন ভক্তরা।

শুধু তাই নয়, হিনা খানের এই অদম্য মনের জোরের প্রশংসাও করেছেন অনেকে। কেউ বা আবার ‘বিগ বস’-এর ঘরে তার লড়াকু পারফরম্যান্সের প্রসঙ্গ টেনে ‘শের খান’ বলে আখ্যা দিয়েছেন। অনেকেই আবার সাহস জোগানোর জন্য হিনাকে ধন্যবাদ জানিয়েছেন।

সম্প্রতি মারণ রোগ শরীরে বাসা বেঁধে অসুস্থ করে দিলেও নিজের মতো করে অবসরে কাজ, বাইরে যাওয়া চালিয়ে যাচ্ছেন হিনা খান থেমে থাকেননি। সম্প্রতি একতা কাপুরের গণেশপুজোয় গিয়েছিলেন অভিনেত্রী।

স্তন ক্যানসারে আক্রান্ত হিনা খান। হিন্দি টেলিভিশনের জনপ্রিয় এ অভিনেত্রী পরে সিনেমা, ওয়েব সিরিজেও অভিনয় করেন।