বিয়ে করলেন অদিতি-সিদ্ধার্থ

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৮ পিএম

অবশেষে সত্য হল গুঞ্জন। বিয়ে করলেন অভিনেত্রী অদিতি রাও হায়দরি এবং দক্ষিণী অভিনেতা সিদ্ধার্থ। সোমবার সকালে নবদম্পতি সমাজমাধ্যমে তাদের বিয়ের ছবি প্রকাশ করে অনুরাগীদের সুখবরটি জানিয়েছেন।

সমাজমাধ্যমে অদিতি এবং সিদ্ধার্থ তাদের বিয়ের অনুষ্ঠানের বেশ কিছু ছবি শেয়ার করেছেন। ছবি থেকে স্পষ্ট দক্ষিণী রীতি মেনেই হয়েছে অনুষ্ঠান। একটি ছবিতে দেখা যাচ্ছে দক্ষিণী রীতি মতো সাদা পাঞ্জাবি এবং সোনালি পাড়ের ধুতি পরেছেন সিদ্ধার্থ। অন্য দিকে অদিতির পরনে তসর রঙা শাড়ি। সেজেছেন মানানসই সোনা এবং চুনির গয়নায়।

ছবি পোস্ট করে দম্পতি লিখেছেন, ‘সারা জীবনের সঙ্গী হওয়ার সফরে, চিরকালীন ভালোবাসা, আলো এবং জাদুর উদ্দেশে।’ ওই পোস্টে নিজেদের ‘আদু’ এবং ‘সিধু’ হিসেবে উল্লেখ করেছেন দম্পতি।

এর আগে গত ২৭ মার্চ আংটিবদল করেন অদিতি ও সিদ্ধার্থ। যদিও গোটা অনুষ্ঠানেই ছিল গোপনীয়তার মোড়ক। শুধু পরিবার ও আত্মীয়-পরিজনের উপস্থিতিতে ছোট করেই অনুষ্ঠান সারেন তারা। অনুষ্ঠান সম্পন্ন হয় তেলঙ্গানার রঙ্গনায়ক স্বামী মন্দিরে। তখনই জানা গিয়েছিল, বিয়ের অনুষ্ঠানও গোপনীয়তা বজায় রাখবেন তারা।

সূত্রের খবর, হায়দরাবাদ থেকে ১৫০ কিলোমিটার দূরে ওয়ানাপার্থি শহরের একটি চারশো বছরের পুরনো মন্দিরে সাতপাকে বাঁধা পড়েন অদিতি ও সিদ্ধার্থ। পরিবার এবং নিকট বন্ধুবান্ধবরাই উপস্থিতি ছিলেন অনুষ্ঠানে। তবে দম্পতি ঠিক কবে বিয়ে করেছেন, সেই তারিখ তারা প্রকাশ করেননি।

সূত্র বলছে, খুব শীঘ্রই তারা ইন্ডাস্ট্রির সতীর্থদের জন্য একটি বিশেষ পার্টির আয়োজন করবেন।

২০২১ সালে মুক্তিপ্রাপ্ত দক্ষিণী ছবি ‘মহা সমুদ্রম’-এর সেটে পরিচয় হয় অদিতি ও সিদ্ধার্থের। ছবির সেট থেকেই তাদের বন্ধুত্ব, তার পর প্রেম। সমাজমাধ্যমে আদুরে ছবি ও ভিডিও পোস্ট করলেও নিজেদের সম্পর্কের সমীকরণ নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি দু’জনের কেউই। তবে আলোকচিত্রীদের সামনে কোনও কিছু গোপন করারও চেষ্টা করেননি কখনও। এটি অদিতি ও সিদ্ধার্থ, দু’জনেরই দ্বিতীয় বিয়ে।

২০০৩ সালে ছোটবেলার বান্ধবী মেঘনাকে বিয়ে করেছিলেন সিদ্ধার্থ। টিকেনি সেই বিয়ে। তিন বছরের মধ্যেই ভেঙে যায় সম্পর্ক। ২০০৭ সালে আইনত বিচ্ছেদ হয় সিদ্ধার্থের। অদিতির গল্পও খানিকটা একই রকমের। মাত্র ২১ বছরেই উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা সত্যদীপ মিশ্রের সঙ্গে বিয়ে হয় অদিতির। তবে চার বছর পর বিয়ে ভাঙে নায়িকারও। ২০১৩ সালে আলাদা হন দু’জনে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত