ভারতের মাটিতে দুই টেস্ট আর তিন টি-টোয়েন্টির সিরিজ খেলতে গতকাল চেন্নাই উড়ে গেছে টিম টাইগার। টেস্ট মর্যাদা পাওয়ার ২৪ বছরে ভারতের মাটিতে মাত্র তিনটি টেস্ট খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ, যার শেষ দুটিতেই হেরেছে ইনিংস ব্যবধানে। পাঁচ বছর পর ফের আরেকবার ভারতে টেস্ট খেলতে যাওয়ার আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত স্বীকার করে নিলেন, আসন্ন এই সিরিজ মোটেও সহজ হবে না। সেটাই স্বাভাবিক। অন্তত পরিসংখ্যানও তাই বলে। তবে বাংলাদেশ দল ভরসা পেতে পারেন হার্শা ভোগলের কথায়। তার মতে ব্যাটিং গভীরতা ও পেসারদের ভূমিকা ভারসাম্য এনে দিয়েছে বাংলাদেশ দলে। আর এ দলটাকে সেরা মনে করছেন তিনি।
গতকাল রাতে নিজের ইউটিউব চ্যানেলে ৬৩ বছর বয়সী এই ধারাভাষ্যকার বলেছেন ভারতে এবার বাংলাদেশ কেন ভালো করতে পারে, ‘দীর্ঘ সময়ের মধ্যে বাংলাদেশের এই টেস্ট দলটিকেই আমার কাছে সেরা মনে হচ্ছে। প্রথম কারণ, তাদের পেস আক্রমণ। নাহিদ রানা সবচেয়ে রোমাঞ্চকর বোলারদের একজন। সম্প্রতি সে কী করেছে, আমরা জানি। হাসান মাহমুদের বলেও পাকিস্তানের ব্যাটসম্যানরা ভুগেছে। হতে পারে এখানে (ভারতে) এটাই তাসকিন আহমেদের শেষ সুযোগ। সেও দেখাতে চাইবে, আমরা কেন তাকে অনেক বেশি মূল্যায়ন করে থাকি।’
বাংলাদেশের ব্যাটিং লাইন আপ নিয়ে বিশ্লেষণে হার্শা জানান, ‘তাদের ব্যাটিংয়ের দিকে যদি তাকান, প্রথম ৮ জনের সবাই নিখাদ ব্যাটসম্যান। এদের মধ্যে দুজন স্বীকৃত উইকেটকিপার এবং দুজন পুরোদস্তুর স্পিন বোলিং অলরাউন্ডার—একজন অবশ্যই সাকিব আল হাসান, অন্যজন মেহেদী হাসান মিরাজ। মিরাজকে যতবারই দেখছি, সে শুধু উন্নতিই করে যাচ্ছে। লিটন দাস ও মিরাজকে দেখে আমার মনে এই অনুভূতি জন্মেছে যে তারা এখন অনেক বড় দায়িত্ব নিতে প্রস্তুত।’
এই দলটিকেই বাংলাদেশের সেরা দল মনে করছেন হার্শা ভোগলে। তাই এবারের সফরে বাংলাদেশের কাছ থেকে লড়াইও প্রত্যাশা করছেন হার্শা।