যে কারণে প্রথমবার চুক্তির মাঝপথে বাংলাদেশ ছেড়েছিলেন হাথুরুসিংহে

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১২ পিএম

চন্ডিকা হাথুরুসিংহে প্রথমবার বাংলাদেশের কোচ হয়ে এসেছিলেন ২০১৪ সালে। তার অধীনেই ২০১৫ সাল থেকে বদলে যেতে শুরু করে বাংলাদেশ। সেই বছর বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলা ছিল সবচেয়ে বড় অর্জন। তারপর ঘরের মাঠে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকাকে সিরিজে হারানো ছিল অনন্য মাইলফলক। ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালেও মাশরাফী বাহিনী খেলে তার অধীনে। মোটকথা সাফল্যের মালায় গাঁথা ছিল তার প্রথম অধ্যায়।

কিন্তু তারপর হুট করে একদিন চুক্তির মাঝপথে দায়িত্ব ছেড়ে দিয়ে তিনি চলে যান। গুঞ্জন ছিল সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে মনোমালিন্য ও সম্পর্কের অবনতি হওয়াতেই বাংলাদেশ ছেড়ে যান তিনি। দায়িত্ব নেন নিজ দেশ শ্রীলঙ্কার প্রধান কোচের দায়িত্ব। তবে কোন কারণে তিনি দায়িত্ব ছেড়েছিলেন সেটা এতকাল শুধু গুঞ্জনই ছিল।

অবশেষে ৮ বছর পর জানা গেল তার সেই সময় বাংলাদেশ দলের দায়িত্ব ছাড়ার কারণ। এই বিষয়ে ইউটিউব ভিত্তিক পডকাস্ট চ্যানেলে তিনি খোলাখুলি বলেছেন সব কথা।

সেই পডকাস্টে হাথুরুসিংহে বলেন, ‘শ্রীলঙ্কা ক্রিকেট সেই সময়টায় খুবই বাজে পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছিল। বোর্ডের দুর্নীতি, ম্যাচ ফিক্সিংসহ নানা ধরনের গুজব ভেসে বেড়াচ্ছিল। দল জিম্বাবুয়ের সঙ্গেও হেরেছিল সেই সময়। অপরদিকে নিজের দেশকে কোচিং করানো ছিল আমার দীর্ঘদিনের ইচ্ছে। তখন লঙ্কান ক্রিকেট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট আমাকে জিজ্ঞেস করে আমি কোচিং করাতে চাই কিনা। আমার মনে হচ্ছিল এটাই সবথেকে ভালো সময়। এই দুটি কারণেই আমি শ্রীলঙ্কায় কোচিং করাতে গিয়েছিলাম।’

২০১৯ বিশ্বকাপের আগে যেমন বাংলাদেশকে ছেড়ে চলে গিয়েছিলেন তিনি। তেমনিভাবে ২০২৩ বিশ্বকাপের আগে হুট করেই দলের হাল ধরেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত