কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের পৃথক স্থানে গুলি ও ছুরিকাঘাতে দুরোহিঙ্গাকে হত্যা করা হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) ভোররাতে পালংখালীর জামতলী রোহিঙ্গা ক্যাম্পের পৃথক স্থানে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। এ তথ্য জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন।
নিহতরা হলেন, উখিয়ার পালংখালীর জামতলী রোহিঙ্গা ক্যাম্প-১৫ এর ব্লক-এ, সাব ব্লক-এ-৮ এলাকার মৃত হাবিবের ছেলে নুর বশর (৫৪) ও রাজাপালংয়ের রোহিঙ্গা ক্যাম্প-৪ এক্সটেনশনে ঘর নং-৯৯-এ, ব্লক-সি-১ এর বাসিন্দা রশিদ আহমেদের ছেলে কবির আহমেদকে (২৭) গুলি করে এবং ছুরি দিয়ে একাধিক আঘাতের পর হত্যা করা হয়।
খবর পেয়ে উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের সুরতহাল সম্পন্ন করে। পরে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নেয়া হয়।
এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন বলে উল্লেখ করে ওসি বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বৃদ্ধি করা হয়েছে পুলিশি টহল ও গোয়েন্দা নজরদারি।