এত্তো ম্যাচ! ফুটবলাররা ধর্মঘটে যেতে পারে, সতর্ক করলেন রদ্রি

ম্যানচেস্টার সিটির তারকা মিডফিল্ডার রদ্রি জানিয়েছেন, অতিরিক্ত ম্যাচের কারণে খেলোয়াড়েরা ধর্মঘটে যাওয়ার মতো অবস্থায় চলে গেছে। আগামীকাল বুধবার ইন্তার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের আগে আজ এক সংবাদ সম্মেলেন রদ্রি এই কথা বলেন। নতুন চ্যাম্পিয়ন্স লিগ ফরম্যাটের কারণে নকআউট পর্বে যাওয়ার আগেই দুইটি অতিরিক্ত ম্যাচ খেলতে হবে দলগুলোকে।

রদ্রির দল ম্যানচেস্টার সিটি ক্লাব বিশ্বকাপেও অংশগ্রহণ করছে, যা সম্প্রসারিত হয়ে এখন ৩২ দলের টুর্নামেন্টে পরিণত হয়েছে। এই প্রতিযোগিতা আগামী গ্রীষ্মে অনুষ্ঠিত হবে। নতুন এই ফরম্যাটগুলো মিলে ম্যানচেস্টার সিটিকে গত মৌসুমের তুলনায় অন্তত চারটি অতিরিক্ত ম্যাচ খেলতে হবে।

রদ্রি বলেন, 'আমি মনে করি আমরা খুব কাছাকাছি আছি (ধর্মঘটে যাওয়ার)। এটা বোঝা সহজ, আপনি যেকোনো খেলোয়াড়কে জিজ্ঞাসা করুন, সবাই একই কথা বলবে। যদি এটি এমনই থাকে, একসময় এমন মুহূর্ত আসবে যখন আমাদের আর কোনো বিকল্প থাকবে না। তবে দেখা যাক, কী হয়।'

গত মৌসুমে ক্লাব বিশ্বকাপ জেতার জন্য সিটি মাত্র দুইটি ম্যাচ খেলেছিল। কিন্তু আসন্ন টুর্নামেন্টে শিরোপা জিততে হলে তিনটি গ্রুপ ম্যাচ এবং চারটি নকআউট ম্যাচ খেলতে হবে। এর পাশাপাশি নতুন চ্যাম্পিয়ন্স লিগ ফরম্যাটেও দুটি বাড়তি ম্যাচ খেলতে হবে গার্দিওলার দলকে।
রদ্রি এবং অন্যান্য খেলোয়াড়দের ক্ষোভের কারণ স্পষ্ট। গত দুইটি পূর্ণ মৌসুমে ম্যানচেস্টার সিটি সব প্রতিযোগিতা মিলিয়ে ১২০টি ম্যাচ খেলেছে। অতিরিক্ত এই সূচি খেলোয়াড়দের শারীরিক এবং মানসিক চাপ বাড়াচ্ছে বলে মনে করছেন রদ্রি। তিনি সতর্ক করেন যে, যদি সূচির বিষয়টি নিয়ন্ত্রণে না আসে, তাহলে খেলোয়াড়েরা ধর্মঘটে যেতে বাধ্য হবে।

ম্যানচেস্টার সিটির মতো শীর্ষস্থানীয় দলগুলো এখন ঘরোয়া এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় অতিরিক্ত ম্যাচের বোঝা বইতে হচ্ছে। রদ্রির মন্তব্য ফুটবলের ভবিষ্যৎ নিয়ে একটি বড় প্রশ্ন তুলছে: খেলোয়াড়দের স্বাস্থ্য ও সুরক্ষা কি অবহেলিত হচ্ছে অতিরিক্ত বাণিজ্যিক চাপের কারণে?