নতুন ফরম্যাটে উয়েফা চ্যাম্পিয়নস লিগের প্রথম পর্ব শুরু হয়ে গেছে। গতকাল রাতে প্রথম ম্যাচ ডেতে মাঠে নেমেছে চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ এবং সাবেক ছয় চ্যাম্পিয়ন লিভারপুল, বায়ার্ন মিউনিখ, জুভেন্তাস, এসি মিলান, পিএসভি ও অ্যাস্টন ভিলা। আজ চ্যাম্পিয়নস লিগের ছয়টি ম্যাচ মাঠে গড়াবে। তবে ফুটবল সমর্থকদের নজর থাকবে ম্যানচেস্টার সিটি-ইন্তার মিলান এবং পিএসজি-জিরোনা ম্যাচের দিকে। ম্যানসিটি-ইন্তার প্রথম রাউন্ডের বড় ম্যাচগুলোর একটি। ২০২৩ চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মুখোমুখি হয়েছিল এ দুটি ক্লাব। গেল মৌসুমে নিজ নিজ লিগের চ্যাম্পিয়নও তারা। আর কিলিয়ান এমবাপ্পেকে ছাড়া পিএসজি ইউরোপসেরা টুর্নামেন্টে শুরুটা কেমন করে সেটি দেখার।
এবার চ্যাম্পিয়নস লিগে আগের মতো গ্রুপ পর্ব নেই আছে লিগ পর্ব। কারণ সব দলের একটিই পয়েন্ট তালিকা হবে। আগে ৩২ দল নিয়ে হলেও এবার থেকে অংশ নিচ্ছে ৩৬টি দল। প্রতিটি দল আটটি করে ম্যাচ খেলবে, ভিন্ন আট প্রতিপক্ষের বিপক্ষে, অর্থাৎ এক দলের সঙ্গে একবারই মুখোমুখি হবে। চারটি নিজের মাঠে ম্যাচ হবে, চারটি প্রতিপক্ষের মাঠে। এই পর্ব শেষে শীর্ষ আট দল উঠে যাবে শেষ ষোলোতে। নবম স্থান থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো দুই লেগের প্লে-অফ ম্যাচে অংশ নেবে। সেখানে জয়ী আট দল যাবে শেষ ষোলোতে। নকআউটের বাকি পথটা আগের মতোই অর্থাৎ দুই লেগে। ২৫তম থেকে ৩৬তম স্থানে থাকা ক্লাবগুলো লিগ পর্বের পরই বাদ পড়বে।
এবার টুর্নামেন্টে লিগ পর্বে প্রতি দল একবার করে মুখোমুখি হওয়ায় প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। কারণ হেরে গেলে সেই দলের বিপক্ষে ৩ পয়েন্ট পাওয়ার আর কোনো সুযোগ থাকছে না। আগে গ্রুপ পর্বে কোনো দলের সঙ্গে একটি ম্যাচ হারলে দ্বিতীয় দেখায় প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকত।
ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটি আছে দারুণ ফর্মে। ২০২৪-২৫ মৌসুমে ইপিএলে প্রথম চার ম্যাচেই জয় পেয়েছে তারা। পেপ গার্দিওলার দল দুটি ম্যাচে আগে গোল হজম করলেও শেষ পর্যন্ত জিতেছে। আর্লিং হালান্ড আছেন দারুণ ফর্মে, চার ম্যাচে ৯ গোল করেছেন তিনি। হালান্ডের সামনে মাইলফলক অপেক্ষা করছে। ম্যানসিটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১০৩ ম্যাচে ৯৯ গোল করেছেন তিনি। আর একটি গোল করলেই ক্লাবের হয়ে ১০০ গোলের মাইলফলক ছুঁবেন। যদি আজই গোল করেন হালান্ড তবে এই নওরোজিয়ান স্ট্রাইকার ভাঙবেন ক্রিশ্চিয়ানো রোনালদোর ইউরোপিয়ান ক্লাবের হয়ে দ্রুততম ১০০ গোলের রেকর্ড। রোনালদো ২০১২ সালে রিয়ালের হয়ে ১০০ গোল পূর্ণ করেছিলেন ১০৫ ম্যাচে।
হালান্ডের মাইলফলক নিয়ে গার্দিওলা বলেন, ‘আপনি যদি আমাকে বলেন পরবর্তী ১০০ ম্যাচে সে ৯৯ গোল করবে, আমার জন্য সেটি আনন্দের হবে। হয়তো সেটি এখনকার চেয়ে উন্নতি হবে না, তবু বলব ১০০ ম্যাচে ৯৯ গোল দারুণ। আর এমনটি হলে আমি খুশিই হব।’ গার্দিওলার মতে হালান্ড প্রতিনিয়ত আরও উন্নতি করবেন। ‘আমার মনে হয় প্রতিনিয়ত যত ম্যাচ খেলবে হালান্ড, তত উন্নতি করবে সে। খেলার মধ্যে না থাকলে উন্নতি করা সম্ভব নয়।’
ইন্তার গেল মৌসুমে লিগ শিরোপা জিতলেও এবার তাদের শুরুটা ভালো হয়নি। চার ম্যাচে দুটি করে জয় ও ড্র। ইতালিয়ান সিরি’আ-তে চার রাউন্ড শেষে ৮ পয়েন্ট নিয়ে আছে তিনে। সবশেষ সোমবার মনজার মাঠে ১-১ গোলে ড্র করে ইন্তার।
আজ ম্যাচটি হবে ইতিহাদে। ম্যানসিটি ও ইন্তার মিলান এর আগে ওই একবারই মুখোমুখি হয়েছিল। ২০২৩ চ্যাম্পিয়নস লিগ ফাইনালে রদ্রির একমাত্র গোলে শিরোপা জিতেছিল পেপ গার্দিওলার দল।
এমবাপ্পে ক্লাব ছাড়ার পর ফ্রেঞ্চ লিগে প্রথম চার ম্যাচই জিতেছে পিএসজি। তবে ক্লাবটির আসল পরীক্ষা হবে চ্যাম্পিয়নস লিগে। পিএসজি আজ ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে খেলবে স্প্যানিশ ক্লাব জিরোনার বিপক্ষে। গেল মৌসুমে চমক দেখিয়ে লা লিগায় তৃতীয় হয়েছিল জিরোনা।