বাংলাদেশকে সাফ অনূর্ধ্ব-২০ শিরোপা জেতানো কোচ মারুফুল হককে আগামী মৌসুমে দেখা যাবে আবাহনী লিমিটেডের ডাগআউটে। ক্যারিয়ারে প্রথমবারের মতো আবাহনীর দায়িত্ব পালন করতে যাচ্ছেন উয়েফা ‘এ’ লাইসেন্সধারী এই কোচ। আজ মারুফুল অনূর্ধ্ব-২০ দল নিয়ে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্ব খেলতে ভিয়েতনাম যাবেন। সেখান থেকে ফিরেই নেবেন বিদেশিহীন আবাহনীর দায়িত্ব।
৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের দিন বিকেলে এক দল দুর্বৃত্তকারী হামলা চালায় ধানম-ির আবাহনী ক্লাবে। এ ছাড়া ক্ষমতার পালাবদলের ফলে প্রধান পৃষ্ঠপোষক শেখ হাসিনার দেশত্যাগ, সভাপতি সালমান এফ রহমান হত্যা মামলায় গ্রেপ্তার ও আরও অনেক পরিচালক গা-ঢাকা দেওয়ায় ফুটবল দল গঠনই অনিশ্চিত হয়ে পড়েছিল আবাহনীর। দলবদলের শেষ দিনে এসে তারা দল গঠনের সিদ্ধান্ত নেয়। তবে একমাত্র আবাহনীই কোনো বিদেশি নিবন্ধন করেনি এবার। স্থানীয়দেরও নিয়েছে অনেক কম টাকায়। অর্থসংকটে তারা জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়াকেও নেয়নি। ফলে এই মৌসুমে কোনো দলই পাননি জামাল।
বিদেশি না নিলেও কোচ হিসেবে মারুফুলকে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দলটির ম্যানেজার, জাতীয় দলের সাবেক অধিনায়ক কাজী নজরুল ইসলাম, ‘আজ (মঙ্গলবার) মারুফ ভাইয়ের সঙ্গে সবকিছু চূড়ান্ত হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর মারুফ ভাই কোচের পদে কাজ করার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মোহামেডান, শেখ জামাল, শেখ রাসেলসহ বড় বড় ক্লাবে কাজ করলেও এবারই প্রথম আবাহনীর কোচ হওয়া মারুফুলের অনুপস্থিতিতে দলের অন্য সহকারী কোচরা পরিচালনা করবেন আবাহনীর চলমান প্রাক-মৌসুম প্রস্তুতি ক্যাম্প।