ঈশ্বরগঞ্জ উপজেলা আ. লীগ সহ-সভাপতির মৃত্যু

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট হাবিবুল্লাহ মিলন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পারিবারিক সূত্র জানায়, বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮ টা ৪৫ মিনিটের সময় ঈশ্বরগঞ্জ পৌর এলাকার শিমুলতলী মোড়ে সংলগ্ন তার নিজ বাসভবনে শারীরিক অসুস্থতার কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ জানান, বুধবার (১৮ সেপ্টেম্বর) বাদ যোহর ঈশ্বরগঞ্জ মার্কাজ মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ আসর উপজেলার রাজিবপুর ইউনিয়নের দেবস্থান গ্রামের তার নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। তার মৃত্যুর খবরে ঈশ্বরগঞ্জ উপজেলার রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে তার মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উপজেলা আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্চাসেবকলীগ সহ সর্বোস্তরের নেতাকর্মীরা। মিলনের মৃত্যুতে ঈশ্বরগঞ্জের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে অপূরণীয় ক্ষতি হলো। তার শূন্যতা পূরণ হওয়ার নয় বলে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্ট করতে দেখা গেছে।

উল্লেখ্য যে,এডভোকেট হাবিবুল্লাহ মিলন ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্তমান  সহ-সভাপতির দায়িত্ব পালনের আগে উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক আহ্বায়ক,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তিনি ছিলেন মুজিব আদর্শের অনুকরণীয় একজন নিবেদিত নেতা।