মৃত্যুর ঝুঁকি নিয়ে মানুষের জানমাল রক্ষা করেন ফায়ার ফাইটাররা

আপডেট : ২০ মে ২০২৬, ০৭:২৩ পিএম

‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা নিজেদের জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে অগ্নিনির্বাপণ, ভবনধস, বন্যা ও সড়ক দুর্ঘটনায় মানুষের জীবন ও সম্পদ রক্ষা করেন। দেশের যে প্রান্তেই অগ্নিকাণ্ড কিংবা দুর্ঘটনা ঘটে, জীবন বাজি রেখে সবার আগে ছুটে যান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা।

অন্যের জীবন ও সম্পদ রক্ষায় অকুতোভয় এই ফায়ার ফাইটাররা নিজের জীবনের মায়া ত্যাগ করে আগুন কিংবা পানিতে ঝাঁপ দেন। চলতে থাকে ক্ষয়ক্ষতি কমানোর নিরন্তর চেষ্টা। আমি ঈশ্বরগঞ্জে এসেছি এক বছর হয়েছে। এ সময়ে বেশ কয়েকটি দুর্ঘটনায় ফায়ার ফাইটারদের ভূমিকা দেখে অভিভূত হয়েছি।’ 

বুধবার (২০ মে) সকাল ১০টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উপলক্ষে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান এসব কথা বলেন।

‘অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখব সম্পদ ও জীবন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উপলক্ষে সকালে জাতীয় পতাকা উত্তোলনের পর আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

সভায় ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার নাহিদ মাহমুদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার রাম প্রসাদ পাল।

এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ থানার এসআই রাশেদ মোশাররফসহ ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ফায়ার ফাইটার, শিক্ষক-শিক্ষার্থী এবং সচেতন মহলের লোকজন।

আলোচনা সভায় দুর্ঘটনা প্রতিরোধ, দুর্যোগ মোকাবিলা এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন বার্তা তুলে ধরা হয়। 

এ সময় ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার রাম প্রসাদ পাল বলেন, ‘ফায়ার সার্ভিস শুধু অগ্নিনির্বাপণ নয়, যেকোনো দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত