বগুড়ার শেরপুরে গরু চুরি করতে এসে গ্রামবাসীর গণপিটুনিতে আছির প্রামানিক (৪০) নামের এক গরু চোর নিহত হয়েছেন। এ ঘটনায় গরু চুরির কাজে ব্যবহৃত পিকআপটি আগুনে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ গ্রামবাসী।
বুধবার (১৮ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার খানপুর ইউনিয়নের শুবলী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আছির উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর কলোনী গ্রামের মৃত ফজল প্রামানিকের ছেলে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শহিদ জিয়াউল রহমান মেডিকেল কলেজ হাসপাতাল বগুড়ায় পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর-ধুনট সার্কেল) সজীব শাহরীন।
স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে এলাকায় গরু ও ভূট্টাসহ বিভিন্ন কিছু চুরি হচ্ছে। গত ৩ দিন আগে শালফা গ্রামের পল্লী চিকিৎসক মকবুলের বাড়ি থেকে ২টি গরু চুরি হয়েছে। ২দিন আগে চোর চুরি করতে এসে ধাওয়া খেয়ে পালিয়েছে। এ কারণে, গ্রামবাসী রাতজেগে পাহারা দিচ্ছেন।
গতরাত সাড়ে ৩টার দিকে শুবলী দক্ষিনপাড়া মিজানুরের বাড়ি থেকে একটি গাভী গরু চুরি করে পাশের এম কে বি ইটভাটার সাথে রাস্তায় নিয়ে যেতে দেখে গ্রামবাসী। সেখানে চোরদের রাখা পিকআপে গরুটি তুলতে দেখেন তারা। পরে বিষয়টি গ্রামবাসীর মধ্যে গরু চুরি খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসী চোরকে ধাওয়া করে। চুরি করতে আসা ৪জন চোরের মধ্যে ৩জন পালিয়ে যায়। এবং পিকআপ চালক আসিফকে শুবলী স্কুল মাঠে গ্রামবাসী আটক করে গণপিটুনি দিলে সে মারা যায়।
গরুর মালিক রেশমা খাতুন জানান, গরুসহ এলাকাবাসী চোর ধরেছে। খবর শুনে আমি গোয়াল ঘরে গিয়ে দেখি ঘরের তালা ভাঙা। আমার গরুও নেই।
নিহতের চাচাতো ভাই তানভীর আলম জানান, আসিফ একজন ফল ব্যবসায়ী ও মাছ চাষী ছিল। গত ৬ মাস পূর্বে পিকআপ ক্রয় করে নিজে চালায়। আসলে সে এখানে কীভাবে আসল বা তার নামে গরু চুরির মাললা আছে এ বিষয় আমাদের জানা নেই। তবে সঠিক তদন্তের মধ্যে দিয়ে এ ঘটনার রহস্য বের করার দাবি জানাচ্ছি।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর-ধুনট সার্কেল) সজীব শাহরীন জানান, গণপিটুনিতে নিহত আসিফ প্রামানিকের নামে এর আগে গরু চুরির মামলা আছে।