ক্যারিয়ারের শেষলগ্নে থাকা পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এখন খেলছেন সৌদি আরবের ক্লাব আল নাসেরে। ২০২২ সালের ডিসেম্বরে তার এই ক্লাবে যোগদান নিশ্চিত হয়েছিল। তারপর থেকে এ পর্যন্ত তিনজন কোচ বদল করেছে আল নাসের। এর পেছনে রোনালদোর হাত থাকার খবরও এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে।
রোনালদো আল নাসেরে যোগ দেওয়ার মাস তিনেক পরই ছাঁটাই হয়েছিলেন রুডি গার্সিয়া। পর্তুগিজ মহাতারকার সঙ্গে গার্সিয়ার ঝামেলার খবর এসেছিল গণমাধ্যমে। এরপর রোনালদোর পছন্দেই বয়সভিত্তিক দলের কোচ ডিনকো জেলিচিচকে মূল দলের কোচ করা হয়। কিন্তু বেচারা জেলিচিচও টিকতে পারেননি বেশিদিন। তার জায়গায় আসেন লুইস কাস্ত্রো।
গত বছরের জুলাইয়ে আল নাসেরে যোগ দেওয়া কাস্ত্রো এক বছরের বেশি সময় টিকে গেলেন। সম্প্রতি দলের খারাপ খেলার দায় চাপিয়ে তাকেও সরিয়ে দিল আল নাসের। সৌদি সুপার কাপের ফাইনালে আল হিলালের কাছে রোনালদোদের হারের পর এলো এমন সিদ্ধান্ত। একটি বিবৃতিতে আল নাসের জানিয়েছে, ‘প্রধান কোচ লুইস কাস্ত্রো বিদায় নিচ্চেন। গত ১৪ মাস ধরে দলের জন্য উনি যা করেছেন তার জন্য তাকে ধন্যবাদ। ভবিষ্যতের জন্য তাকে শুভেচ্ছা।
ফুটবলবিষয়ক আন্তর্জাতিক গণমাধ্যমগুলো দাবি করেছে, আল নাসেরের নতুন কোচ হওয়ায় দৌড়ে আছেন স্টেফানো পিয়োলি। তিনি এসি মিলানকে ২০২০-২১ মৌসুমে সিরি আ শিরোপা জিতিয়েছিলেন। তার সঙ্গে আল নাসেরের আলোচনা অনেক দূর এগিয়েছে বলে খবর। খুব দ্রুতই তাকে নাসেরে দেখা যেতে পারে। রোনালদোর সঙ্গে তার সম্পর্ক কেমন হয়- সেটাই দেখার।