‘অবসর এখন মশকরা হয়ে গেছে’ – তামিম-স্টোকদের খোঁচালেন রোহিত

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৩ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ের পরই এই ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। একই মঞ্চে বিরাট কোহলিও এই ফরম্যাট থেকে অবসর নেন। কিন্তু এখন বহু ক্রিকেটার অবসর নেওয়ার পরেও ফিরে আসেন। তামিম ইকবাল, বেন স্টোকস, মঈন আলী, মোহাম্মদ আমির এর জ্বলন্ত্ব উদাহরণ। কিন্তু রোহিত শর্মা অবসর নিয়ে আবার ফিরে আসার পক্ষপাতী নন।

আগামীকাল বৃহস্পতিবার থেকে চেন্নাইয়ে শুরু বাংলাদেশ-ভারত প্রথম টেস্ট। তার আগে এক সাক্ষাৎকারে রোহিত বলেন, ‘ক্রিকেটে অবসর নেওয়া এখন যেন মশকরা হয়ে গেছে। লোকে অবসর ঘোষণা করার পর আবারও ক্রিকেটে ফিরে আসে। ভারতে এমনটা হয়নি। কিন্তু অন্য দেশে দেখেছি অবসর নেওয়ার পরেও ফিরে এসে খেলছে। তাই বোঝা যায় না আদৌ কেউ অবসর নিয়েছে কি না।’

২০২২ সালে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন বেন স্টোকস। কিন্তু ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপের আগে অবসর ভেঙে তিনি দলে ফিরেন। বিশ্বকাপেও খেললেও বলার মতো কিছু করতে পারেননি। ইংলিশ স্পিনার মইন আলী ২০২১ সালে টেস্ট থেকে অবসর নিয়েছিলেন। কিন্তু তিনি ২০২৩ সালে আবার টেস্টে ফিরে আসেন। এছাড়া শাহিদ আফ্রিদি, তামিম ইকবাল, কেভিন পিটারসেন, কার্ল হুপারের মতো ক্রিকেটারেরা অবসর নেওয়ার পরেও ক্রিকেটে ফিরেছিলেন।

সাক্ষাৎকারে রোহিতের কাছে জানতে চাওয়া হয়, নিজের মত বদলে তিনি আবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরবেন কিনা। জবাবে রোহিত বলেন, ‘আমার সিদ্ধান্ত চূড়ান্ত। খুব পরিষ্কার সিদ্ধান্ত। এটাই অবসর নেওয়ার সেরা সময়। আমি টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে ভালোবাসি। ভারতের হয়ে ওয়ানডে ক্রিকেট খেলার পর সরাসরি ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ পেয়েছিলাম। সেবার শিরোপা জিতেছিলাম। আবার এই বছর জিতেছি। তাই এটাই সেরা সময় ছিল অবসর নেওয়ার।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত