বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, কোনো রাজনৈতিক বা সাংগঠনিক সভা করতে সমন্বয়করা জেলা সফর করছেন না। ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের কাছে দায়বদ্ধতার জায়গা থেকে জেলা সফর করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। তারপরও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে নেতিবাচক পোস্ট আমাদের ব্যথিত করে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টা দিকে শরীয়তপুর শহরের একটি রেস্টুরেন্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় শেষে এমন মন্তব্য করেন তিনি।
এছাড়া সভায় ছাত্র আন্দোলনে নিহত ও আহত পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়লে তাদের সান্ত্বনা দেন সারজিস আলম। তিনি ছাত্র আন্দোলনে শহীদ প্রত্যেক পরিবারকে আর্থিক সহায়তার পাশাপাশি প্রতিটি পরিবার থেকে অন্তত একজনের জন্য কর্মসংস্থান তৈরি করতে সরকার এবং স্থানীয় প্রশাসনকে অনুরোধ করেন।
সারজিস আলম বলেন, ইতোমধ্যে নিহত ও আহতদের সহায়তায় ১০০ কোটি টাকার ফান্ড গঠন করেছে সরকার। ধারাবাহিকভাবে আহত ও নিহত প্রত্যেক পরিবারকে এই ফান্ড থেকে সহায়তা আশ্বাস দেন সারজিস আলম।
এর আগে বেলা ১১টায় জেলা ও উপজেলা পর্যায়ের সমন্বয়কদের সাথে বৈঠক করেন কেন্দ্রীয় সমন্বয়করা।
এদিকে সারজিস আলমের সাথে মোট ১০ জন কেন্দ্রীয় সমন্বয়করা সকাল ১০টায় শরীয়তপুর আসেন।