মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ায় সকাল থেকেই সাময়িকভাবে বন্ধ রয়েছে আগারগাঁও-মতিঝিল-আগারগাঁও রুটের মেট্রো চলাচল। এই রুটে মেট্রোরেল চলাচল বন্ধ থাকায় রাজধানীতে বেড়েছে যানজট। ফলে এই রুটে মেট্রোরেল চালু আজ সম্ভব কিনা তা নিয়ে রাজধানীবাসীর মধ্যে কৌতুহল সৃষ্টি হয়েছে।
বিষয়টি নিয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড পরিচালক (অপারেশন এন্ড মেইন্টেন্যান্স) নাসির উদ্দিন আহমেদ কাছে জানতে চাইলে তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘এখন পর্যন্ত মেরামত কাজ চলছে। আজকের মধ্যে চালু করা সম্ভব হবে কিনা তা এখন পর্যন্ত বলা যাচ্ছে না। তবে চেষ্টা চলছে।’
জানা গেছে, বুধবার ( ১৮সেপ্টেম্বর) সকালে প্রাণিসম্পদ অধিদপ্তরের সামনের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে যায়। বিয়ারিং খুলে পড়ায় ভায়াডাক্টের রুট অ্যালাইনমেন্ট কিছুটা উঁচু-নিচু হয়ে যায়। ফলে মেট্রোরেল চলাচলে ঝুঁকি তৈরি হওয়ায় চলাচল বন্ধ করা হয়।
মেট্রোরেলের এক কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, ‘রাজধানীর ফার্মগেট ও বিজয় সরণির মাঝামাঝি এলাকায় মেট্রোরেলের রেলপথের একটি অংশের বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে গেছে। ফলে বন্ধ হয়ে গেছে আগারগাঁও-মতিঝিল-আগারগাঁও রুটের মেট্রো ট্রেন চলাচল। এটি ঠিক না হওয়া পর্যন্ত এ রুটে মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। একটি বিয়ারিং প্যাড ওজন প্রায় ২০০ কেজি। কীভাবে ঘটনাটি ঘটেছে তা খোঁজার চেষ্টা করা হচ্ছে। এটি অস্বাভাবিক ঘটনা বলেও তিনি জানান।’
তিনি আরও বলেন, ‘আমরা সকাল ৮টার পরে বিষয়টি জানতে পেরেছি। তখন থেকে যন্ত্রপাতি আনতে কিছুটা সময় লেগেছে। এখন মেরামতের কাজ চলছে। দুই ঘন্টার মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে।’
এর আগে এক ক্ষুদেবার্তায় ডিএমটিসিএল জানিয়েছে, অনিবার্য কারণবশত সকাল ৯টা ৪০ মিনিট থেকে আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল সাময়িক বন্ধ আছে। তবে উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে ট্রেন চলাচল স্বাভাবিক আছে। ত্রুটি সারিয়ে আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল স্বাভাবিক হলে পরবর্তীতে জানানো হবে বলেও ওই ক্ষুদেবার্তায় উল্লেখ রয়েছে।