চন্দনাইশে আগুনে পুড়ল বসতঘর, বিপাকে তিন পরিবার

চন্দনাইশে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে তিন পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পশ্চিমে দোহাজারী পৌরসভার পূর্ব হাছনদন্ডী খন্দকার বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আসবাবপত্র, স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। ক্ষতিগ্রস্তরা হলেন— আনোয়ারুল আলমের ছেলে জিয়াউর রহমান ও মজিবুর রহমান এবং কন্যা শাহিদা আক্তার।

ভুক্তভোগী জিয়াউর রহমান বলেন, সন্ধ্যায় হঠাৎ রান্না ঘরে আগুন দেখতে পেয়ে প্রতিবেশীরা তা নেভানোর চেষ্টা করে। মুহূর্তেই আগুন ৫টি কক্ষে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় চন্দনাইশ ফায়ার সার্ভিসের ১টি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ঘরে থাকা সবকিছু পুড়ে যায়।

চন্দনাইশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার টিটু বসাক বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে চন্দনাইশ ফায়ার সার্ভিস স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।