দুই দফা দাবিতে আন্দোলনরত ফিজিওথেরাপি শিক্ষার্থীরা আগামী সোমবার পর্যন্ত তাদের কর্মসূচি স্থগিত করেছেন। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেনের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেয় সম্মিলিত ফিজিওথেরাপি শিক্ষার্থী পরিষদ (সফিশিপ)।
বৈঠক শেষে এক সমন্বয়ক জানান, তাদের নিয়মতান্ত্রিক এবং শান্তিপূর্ণ কর্মসূচি মহাপরিচালক গুরুত্বের সঙ্গে নিয়েছেন। তিনি দুই দাবি সরকারি হাসপাতালে ফিজিওথেরাপি চিকিৎসকদের জন্য প্রথম শ্রেণির পদ সৃষ্টি ও নিয়োগ এবং সরকারি পর্যায়ে ফিজিওথেরাপি কলেজ প্রতিষ্ঠাসহ বিদেশে জনশক্তি কিভাবে পাঠানো যায় সেই বিষয়েও আগ্রহ প্রকাশ করেছেন। এ লক্ষ্যে একটি অফিশিয়াল ফরমেট তৈরি করতে হবে। আগামী রবিবার কিংবা সোমবার এই দুই দিনের মধ্যে মহাপরিচালক লিখিত ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন।
পরে পরিষদের প্রতিনিধিদের পক্ষে মাসুম পারভেজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে এসব আন্দোলন স্থগিতের তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮ সেপ্টেম্বর সকাল ১০টায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেনের সঙ্গে তার আলোচনা কক্ষে পরিষদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়। তিনি পরিষদের দাবিগুলো যৌক্তিক বলে ব্যক্ত করেন। দাবি পূরণের লক্ষ্যে আগামী তিন কার্য দিবসের মধ্যে পরিষদের প্রতিনিধিসহ দুটি কমিটি করে (শিক্ষা এবং সেবা বিষয়ক) দ্রুততম সময়ের মধ্য দাবি ব্যস্তবায়ন করবেন বলে আশ্বস্ত করেন। ফিজিওথেরাপি চিকিৎসা বিষয়ক উচ্চতর শিক্ষা লাভের ব্যাপারে পদক্ষেপ নেবেন বলেও আশ্বাস দেন।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, মহাপরিচালকের আশ্বাসের প্রতি সম্মান দেখিয়ে পরিষদ আগামী সোমবার (২৩ সেপ্টেম্বর) পর্যন্ত আন্দোলন কর্মসূচি স্থগিত করেছে। তবে পরিষদ কোনো প্রকার মৌখিক আশ্বাসে আস্বস্ত হবে না। কাজেই সোমবারের (২৩ সেপ্টেম্বর) মধ্যে যদি স্বাস্থ্য শিক্ষা ও স্বাস্থ্য সেবা অধিদপ্তর থেকে দুইটি কমিটি গঠন না করা হয়, তাহলে পরিষদ পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করবে।
দুই দফা দাবি আদায়ে গত ১২ সেপ্টেম্বর থেকে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ফিজিওথেরাপি শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছেন ফিজিওথেরাপি শিক্ষক ও চিকিৎসকরা।