ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে শিক্ষার্থীরা। বুধবার দিবাগত রাত ১২টার দিকে হলের গেস্টরুমে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
কয়েকজন শিক্ষার্থী জানায়, এই লোককে চোর সন্দেহে আটক করা হয়। এরপর তাকে ভাত খেতে দেয় শিক্ষার্থীরা। তারপর কয়েক দফা পেটানো হয় তাকে। কেউ কেউ বলছেন, এই ব্যক্তিকে চোর বলা হলেও তাঁকে একজন মানসিক রোগী বলে মনে হয়েছে।
ঢাকা মেডিকেলে দায়িত্বরত পুলিশ সদস্যরা বলছেন, শিক্ষার্থীরা রাত বারোটার একটু পরে এই লোককে হাসপাতালে নিয়ে আসে। এরপর চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করলে সেই শিক্ষার্থীদের আর পাওয়া যায়নি।
ঢাবির প্রক্টরিয়াল টিমের সদস্যরা জানান, মৃত্যুর ঘটনাটি ঘটেছে ফজলুল হল মুসলিম হলে। সংশ্লিষ্ট হল প্রভোস্ট এবং হাউজ টিউটরদের জানানো হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মারধরের ফলে সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে মারধরের ফলে একজনের মৃত্যু ঘটেছে। এসব ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং মানবাধিকারের মৌলিক নীতিগুলির প্রতি সম্পূর্ণ অবজ্ঞা প্রদর্শন করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে। আমরা অনতিবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানাচ্ছি।