দর্শকদের প্রত্যাশা পূরণ করলেন শান্ত!

অজান্তেই বালাজি এবং ভিমালের মত অনেক দর্শকের ইচ্ছেটা পূরণ করে ফেলেছেন নাজমুল হোসেন শান্ত! চেন্নাইয়ের এই দুই তরুণ ভোর সাড়ে পাঁচটা থেকে এসে লাইনে দাঁড়িয়েছিলেন ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচের প্রথম দিনের খেলা দেখার টিকিট কেনার জন্য। তাদের ইচ্ছে ছিল ভারতের ব্যাটিং দেখার, সেটা পূরণ করেছেন বাংলাদেশ অধিনায়ক। টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন।

চেন্নাইয়ের চিদাম্বারাম স্টেডিয়ামে হয়ে যাওয়া সবশেষ দুটো টেস্টেই টস জয়ী দল আগে ব্যাট করেছে, প্রথম ইনিংসে লিড নিয়েছে এবং সেটাই গড়ে দিয়েছে হারজিতের ব্যবধান।  জো রুট টস জিতে ব্যাটিং নিয়েছিলেন, সেই ম্যাচটা জিতেছিল ইংল্যান্ড আর বিরাট কোহলি টস জিতে ব্যাটিং নেয়া ম্যাচে জিতেছিল ভারত।

তবে চেন্নাই’র আজকের সকালটা আংশিক মেঘলা, রোদের তেজও কিছুটা কম। বাংলাদেশ একাদশে নিয়েছে তিন পেসার, ভারতও তাই। রোহিতও বললেন টস জিতে তিনি ফিল্ডিংই নিতেন। ভারতীয় অধিনায়ক টস জিতলে সেক্ষেত্রে হতাশ হতে হত ব্যাটিং দেখতে আসা ভক্তদের। তাই বলা যায় শান্ত তাদের ইচ্ছে পূরণের ব্যবস্থা করে দিলেন।

ভারতের ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট মৌসুমের প্রথম টেস্ট শুরু হল আজ। রাহুল দ্রাবিড় পরবর্তী যুগে গৌতম গম্ভীর কোচের দায়িত্ব নেবার পরও প্রথম টেস্ট । বৃহস্পতিবার সাপ্তাহিক কর্মদিবস হলেও সাতসকালে টেস্ট ম্যাচ দেখতে বেশ উল্লেখযোগ্য সংখ্যক দর্শকই হাজির হয়েছেন। সবচেয়ে কম মূল্যের টিকিট ২০০ রূপির, একদিনের খেলার জন্য। ৫ দিনের একসঙ্গে কিনলে ১০০০ রূপি। তবে ভারত-বাংলাদেশ এবং চেন্নাই মাঠের ইতিহাস জানলে সেই টিকিটের খরিদ্দার কম হওয়াটাই স্বাভাবিক। ২০১৯ সালের সফরে তো খেলা চতুর্থ এবং পঞ্চম দিনেই যায়নি, ইডেনে সিএবি পঞ্চম দিনের টিকিট ছাপেইনি।

জার্সি গায়ে চাপিয়ে ভুভুজেলা হাতে পতাকা হাতে অনেকেই এসে পড়েছেন মাঠে। তবে দর্শকের পাশাপাশি নিরাপত্তাকর্মীর সংখ্যাও কম নয়।প্রবেশ পথে কড়া তল্লাশী আর পুলিশের উপস্থিতি জানান দিচ্ছে হিন্দু মহাসভার হুমকির ব্যপারটা মোটেও হালকাভাবে নিচ্ছে না কর্তৃপক্ষ।