রংপুরে আ. লীগ নেতা তুষার কান্তি ৭ দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী কোটা সংস্কার ছাত্র আন্দোলনে গুলিতে নিহত আব্দুল্লাহ আল তাহির হত্যা মামলায় গ্রেপ্তারকৃত রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত রংপুরের বিচারক আসাদুজ্জামান এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সকাল ১০টায় তুষার কান্তি মন্ডলকে আদালতে হাজির করা হয়। পরে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নুরুন্নবী। পরে আসামি পক্ষে লিগ্যাল এইডের আইনজীবী ইফফাত আক্তার রিমান্ড বাতিল চেয়ে আবেদন করে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে।

এদিকে মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলকে অন্য আরো ৩টি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তুষার কান্তি মন্ডলকে ১৭ সেপ্টেম্বর ঢাকার সাভার থেকে র‌্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।