রংপুর মহনিগরীর শাপলা সিনেমা হল থেকে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ৩৭ জন তরুণ-তরুণীকে আটক করেছে মেট্রো ডিবি পুলিশ। রবিবার(১৯এপ্রিল) সন্ধ্যার আগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে ১৯ জন মেয়ে এবং ১৬ জন ছেলে যারা সবাই স্কুল কলেজের শিক্ষার্থী। বাকী ২ জন সিনেমা হলের কর্মচারী।
পুলিশ জানায়, নগরীর শাপলা হলের তৃতীয় তলায় ছোট ছোট ঘর তৈরী করা হয়েছে। সেই ঘরে বিছানা তৈরী করে দীর্ঘদিন ধরে অসামাজিক কর্মকাণ্ড করা হচ্ছিল। সিনেমা চলাকালীন সেখানে ওই ঘরগুলো ভাড়া দেওয়া হয়। ভাড়া নিয়ে স্কুল কলেজের ছেলে-মেয়েরা অনৈতিক কাজে লিপ্ত হন। এমন তথ্যের ভিত্তিতে আজকে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সিনেমা হলের কর্মচারীরা বাধা দিলে বাধা অতিক্রম করে সেখানে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে তাদের অসামাজিক কাজে লিপ্ত থাকার প্রমাণ পাওয়া যায়। পরে তাদের আটক করা হয়।
মহানগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, আটকদের অধিকাংশই শিক্ষার্থী হওয়ায় তাদের মুচলেকা নিয়ে অভিভাবকদের মাধ্যমে ছেড়ে দেওয়া হবে। তবে সিনেমা হলের কর্মচারীদের আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে। এই ঘটনায় বিশেষ ভাবে বলতে চাই, সিনেমা হলের সিনেমা দেখার কোন দর্শককে আটক করা হয়নি। যারা সিনেমা হলের বাইরে অর্থাৎ তৃতীয় তলায় বিশেষভাবে তৈরী কক্ষে অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় পাওয়া গেছে শুধু তাদেরই আটক করা হয়েছে। তিনি আরো জানান, নগরীতে যে কোন অসামাজিক কাজ ও আইনশৃঙখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রংপুর মেট্রোপলিটন পুলিশ কাজ করছে। এটি অব্যাহত থাকবে।
