চেন্নাইয়ের লাল মাটির পিচ সবসময়ই স্পিনারদের পক্ষে থাকে। বল বেশ ধীরে ও নিচু হয়ে আসে। অনেকটা মিরপুর স্টেডিয়ামের মতো। সময় যত গড়ায়, ততই স্পিনারদের স্বর্গে পরিণত হয়। তাই কোনো দলই এই উইকেটে চতুর্থ ইনিংসে ব্যাট করতে চায় না। চেন্নাইয়ে টস জয় মানেই ব্যাটিং করা- এটাই নিয়ম হয়ে গেছে। এবার সেই নিয়মের ব্যতিক্রম ঘটালেন নাজমুল হোসেন শান্ত।
আজ বৃহস্পতিবার সিরিজের প্রথম টেস্টে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক। সর্বশেষ কোনো অধিনায়ক চেন্নাইয়ে টেস্টে টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠানোর ‘সাহস’ দেখিয়েছিলেন সেই ১৯৮২ সালে। তিনি ইংল্যান্ডের কিথ ফ্লেচার। সুনীল গাভাস্কার-কপিল দেব-রবি শাস্ত্রীদের ভারতের বিপক্ষে সেই টেস্ট শেষ পর্যন্ত ড্র হয়েছিল।
চেন্নাইয়ে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ হয়েছিল ১৯৩৪ সালে। এই ভেন্যুর ৯০ বছরের টেস্ট ইতিহাসে আজ দ্বিতীয়বারের মতো দেখা গেল টস জিতে ফিল্ডিং নেওয়ার ঘটনা। সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করছেন বাংলাদেশের বোলাররা। হাসান মাহমুদের পেস তোপে ইতোমধ্যেই ৯৬ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছে ভারত। অবশ্য ভারতের অধিনায়ক রোহিত শর্মাও জানিয়েছেন, আজ তিনিও টসে জিতলে ফিল্ডিং নিতেন।
গত কয়েকদিন ধরেই চেন্নাইয়ের পিচ নিয়ে আলোচনা চলছিল। শেষ পর্যন্ত দেখা গেল, এ ম্যাচের পিচ পুরোপুরি স্পিনারদের সহায়তা করার জন্য বানানো হয়নি। সে কারণে দুই দলই একাদশে ৩ জন করে পেসার রেখেছে। চেন্নাই ভেন্যুতে এটি ৩৫তম টেস্ট। এর আগে ২২টি ম্যাচের ফলাফল হয়েছে, ড্র হয়েছে ১১টি। একটি ম্যাচ টাই হয়েছে। ভারত এ মাঠে ৩৪ ম্যাচের মধ্যে ১৫টিতে জিতেছে।