ডি ব্রুইনাকে নিয়ে সিটিতে উদ্বেগ

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫২ এএম

ইন্তার মিলানের বিপক্ষে গতকাল রাতে গোলশূন্য ড্র ম্যাচে চোট পেয়ে ৪৫ মিনিটে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠে ছাড়েন ডি ব্রুইনা। জ্যাক গ্রিলিশের থ্রু পাস ধরতে গিয়ে চোট পান বেলজিয়ান মিডফিল্ডার। তাই ইংলিশ প্রিমিয়ার লিগে আগামী রবিবার আর্সেনালের বিপক্ষে তাকে পাওয়া নিয়ে জেগেছে সন্দেহ।

সেই সন্দেহের কথাটা বললেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলাও। ম্যাচ শেষে ডি ব্রুইনার চোট নিয়ে গার্দিওলা বলেছেন, ‘আজ আমরা (চোটে) নজর রাখব এবং আগামীকাল আরও বেশি তথ্য পাব। চিকিৎসকেরা বলেছিলেন, সে খেলার মতো অবস্থায় নেই। আমি ওকে প্রথমার্ধের বিরতিতেই তুলে নেওয়ার কথা ভেবেছি।’

২০২৩ চ্যাম্পিয়নস লিগ ফাইনালে মুখোমুখি হওয়ার পর এটাই ছিল সিটি ও ইন্তারের প্রথম ম্যাচ। ইস্তাম্বুলের সেই ফাইনালে সিটির ১-০ ব্যবধানের জয়ে গোল করেছিলেন রদ্রি।

গার্দিওলা মনে করেন, সেই ম্যাচের চেয়ে এই ম্যাচে ভালো খেলেছে তার দল, ‘গত বছরের ফাইনালের চেয়ে আমরা অনেক ভালো খেলেছি। দলের সবকিছুই ভালো লেগেছে। জিতলে ভালো হতো। তবে এখনো হাতে ৭ ম্যাচ আছে। দেখা যাক কী ঘটে।’

ইন্তারের পোস্ট তাক করে ২২টি শট নিয়েছে সিটি। আর সিটির পোস্ট তাক করে ১৩টি শট নিয়েছে ইন্তার। যদিও ইতালিয়ান ক্লাবটির গোলমুখে মাত্র ৫টি শট রাখতে পেরেছে সিটি।

ম্যাচ শেষে ইন্তারের কোচ সিমোন ইনজাগিও জানিয়েছেন, খেলোয়াড়দের পারফরম্যান্সে তিনি সন্তুষ্ট, ‘ড্রেসিংরুমে ছেলেদের বলেছি ভালো খেলেছ। আমরা জানি ম্যানচেস্টার সিটি কী করতে পারে, বিশেষ করে ঘরের মাঠে। কিন্তু আমরা এমন পারফরম্যান্স দেখিয়েছি, কিছু সুযোগও বের করেছি।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত