সরকারি চাকরিতে বয়স নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে ৩৫ কিংবা ৬৫, কোনোটাই যৌক্তিক না ৷ ৩২ এবং ৬০ নিয়ে ভাবা যেতে পারে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা লিখেছেন সারজিস আলম।
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে দীর্ঘদিন আন্দোলন করে আসছেন চাকরিপ্রত্যাশীদের একটি অংশ। বিগত আওয়ামী লীগ সরকার কয়েক দফা আশ্বাস দিয়েও শেষ পর্যন্ত তা পূরণ করেনি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দাবি আদায়ে আবারও রাস্তায় নেমেছেন আন্দোলনকারীরা।
গতকাল চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর এবং অবসরের বয়সসীমা ৬৫ বছর করার দাবিতে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দিয়েছে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন ‘বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন’।