বাংলাদেশকে ২ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক, আশা মার্টিন রেইজারের

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০১ পিএম

২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশকে আরও ২০০ কোটি ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক, এমন আশা প্রকাশ করেছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।

মার্টিন রেইজার বলেন, আমি আবার বাংলাদেশে আসতে পেরে আনন্দিত। এটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সময়। আমি উপদেষ্টার সঙ্গে ব্যাংকিং সেক্টরসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছি। আমরা বাংলাদেশের দীর্ঘদিনের সহযোগী। এই সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশকে সহায়তার পরিমাণ নিয়ে তিনি বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বোর্ডের পরিচালক। সেজন্য আমি কোনো অঙ্গীকার করতে পারছি না। তবে আমি এটা বলতে পারি আমরা বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে সহায়তা করতে চাই। ধারণা করছি চলতি অর্থবছরে দুই বিলিয়ন ডলারের বেশি অর্থ দেওয়া হবে।

এশিয়ার ভাইস প্রেসিডেন্ট বলেন, এই অর্থের মধ্যে কিছু বাজেট সহায়তা, কিছু প্রকল্প, স্বাস্থ্য ও জ্বালানি খাতের জন্য। বাংলাদেশে কিছু প্রকল্প রয়েছে সেগুলোতে যেমন সহায়তা থাকবে তেমনি কিছু জরুরি সহায়তাও করা হবে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত