জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গনপিটুনিতে সাবেক ছাত্রলীগ নেতাকে হত্যার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মহুয়া মঞ্চ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক ঘুরে রেজিস্ট্রার ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম ইমনের সঞ্চালনায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
সমন্বয়ক তৌহিদ সিয়াম বলেন, ‘গতকালকে আমাদের ক্যাম্পাসে যে ঘটনাটি ঘটেছে সেটা খুবই ন্যাক্কারজনক একটি ঘটনা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সকল ধরনের অন্যায়, অপরাধ এবং মব জাস্টিসের বিপক্ষে, কেউ যদি এই প্লাটফর্মের নাম ভাঙ্গিয়ে এই হামলায় জড়িত থাকে আমরা তাহলে তারও শাস্তির দাবি করছি।’
সমন্বয়ক আরিফ সোহেল বলেন, ‘আমরা ৩৬ দিনের আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে পারলেও ফ্যাসিবাদী শাসন ব্যাবস্থার পতন ঘটাতে পারি নাই। গতাকলকে যারা শামীম মোল্লাকে হত্যা করলো তারা ফ্যাসিস্ট হাসিনার পরিবর্তন চাইলেও তার ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার পরিবর্তন চায় না।’
উল্লেখ্য, গতকালের ঘটনার বিভিন্ন ভিডিওতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আহসান লাবিবকে দেখা গেছে।
এ প্রসঙ্গে আরিফ সোহেল বলেন, ‘আমাদের মধ্যে কেউ যদি গণঅভ্যুত্থানের স্পিরিটকে ভঙ্গ করে তাহলে আমরা অবশ্যই তাঁকে বিচারের মুখোমুখি করবো এবং এজন্য প্রশাসন কিংবা রাষ্ট্রকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো।’