মাঠে খেলছেন সাকিব আল হাসান, মাইক্রোফোন হাতে ধারাভাষ্যকক্ষে তামিম ইকবাল। একসময় তারা জাতীয় দলের সতীর্থ ছিলেন। তাদের মাঝে বন্ধুত্ব ছিল বলেও শোনা যায়। কিন্তু পরবর্তীতে দুজনে হয়ে ওঠেন দুজনের শত্রু। তামিমের ক্যারিয়ার থমকে যাওয়ার পেছনে সাকিবের অবদান কারও অজানা নয়। এবার মাইক্রোফোন হাতে সাকিবকে নিয়ে কথা বলতেই হলো তামিমকে।
আজ বৃহস্পতিবার থেকে শুরু হওয়া চেন্নাই টেস্টে তামিম ধারাভাষ্য দিচ্ছেন। তার সঙ্গী আতহার আলী খান, হার্শা ভোগলে, দিনেশ কার্তিকরা। ধারাভাষ্যের এক পর্যায়ে হর্ষ ভোগলের এক প্রশ্নের জবাবে সাকিবকে নিয়ে তামিম বলেন, ‘সে বোলিংয়ে অসাধারণ করছে, পাকিস্তান সিরিজে বেশি উইকেট না পেলে অসাধারণ বোলিং করে গেছে। তবে, সম্প্রতি সাকিবের ব্যাটিং নিয়ে সাকিব কিছুটা স্ট্রাগেল করছে!’
ভোগলে আরও বলেন, পাকিস্তানের বিপক্ষে সিরিজ সেরা হওয়া মিরাজকে ভবিষ্যতের সাকিব হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই প্রসঙ্গে তামিম বলেন, মিরাজ এখন ব্যাট হাতে নিয়মিত রান পাচ্ছেন। পেস বলে স্বচ্ছন্দ, স্পিনও বেশ ভালো খেলেন। ওদিকে ব্যাট হাতে সাকিব ইদানিং স্ট্রাগল করছেন, তাই ব্যাটিং অর্ডারে সাকিবের জায়গায় মিরাজকে নামিয়ে দেখা যেতে পারে।
তামিম যখন সাকিবকে নিয়ে কথা বলছিলেন, রসিক ক্যামেরাপারসনের সৌজন্যে মাঠে থাকা সাকিবকে দেখা যাচ্ছিল। ঠিক ওই মুহূর্তে তাকে চিন্তিত মনে হচ্ছিল। ভোগলে আবারও জানতে চান, সাকিব অবসর নিয়ে কী ভাবছেন? এর উত্তরে তামিম বলেন, ‘সেটা সাকিবই ভালো বলতে পারবে। এখনো সে তিন ফরম্যাটেই খেলে যাচ্ছে।’