চেন্নাই টেস্টের প্রথম দিনই ঘটনাবহুল। শুরুতে বাংলাদেশ দাপট দেখালেও দিনশেষে ম্যাচের নিয়ন্ত্রণে ভারত। প্রায় দুই বছর পর টেস্টে ফেরা রিশাভ পান্তর সঙ্গে কথার লড়াইও দেখা গেছে উইকেটকিপার-ব্যাটার লিটন দাসের। ওই মুহূর্তের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কী হয়েছিল ওই সময়?
আজ বৃহস্পতিবার ম্যাচের প্রথম দিনে দলীয় ৩৪ রানে ভারতের তৃতীয় উইকেট পড়লে ব্যাট করতে নামেন পান্ত। ১৬তম ওভারের একটি বল গালি অঞ্চলে ঠেলেই সিঙ্গেল নিতে ছোটেন যশস্বী জয়সওয়াল। গালি অঞ্চলে থাকা ফিল্ডার বল থ্রো করলে সেটা রিশাভের প্যাডে লেগে মিড উইকেট এলাকায় যায়।
এসময় লিটনের দিকে এগিয়ে গিয়ে রিশাভ বলেন, ‘আমার গায়ে মারছ কেন?’ স্টাম্প মাইকে ধরা পড়ে রিশাভের এই ক্ষোভ। জবাবে লিটনের বক্তব্য স্পষ্ট বোঝা যাচ্ছিল না। তবে ভারতের কিছু মিডিয়ার দাবি অনুযায়ী লিটন বলেচিলেন, ‘ফিল্ডার তো থ্রো করবেই। তুমি এদিক দিয়ে এসেছ কেন?’
দুজনের এই বাদানুবাদ অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। রিশাভ এবং লিটন দুজনেই রণে ভঙ্গ দেন। বেশিক্ষণ টিকতে পারেননি রিশাভ। ৫২ বলে ৬ চারে ৩৯ রান করে হাসান মাহমুদের শিকার হন। উইকেটের পেছনে ক্যাচ নেন সেই লিটন কুমার দাস।