চেন্নাই টেস্টের প্রথম দিনে বাংলাদেশের নায়ক হাসান মাহমুদ। তার ৪ শিকারে শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। দিনশেষে সংবাদ সম্মেলনে েএসে হাসান জানান, এটাই গেম অফ ক্রিকেট, যেকোনো কিছু ঘটতে পারে।
সংবাদ সম্মেলনে নিজের পরিকল্পনা নিয়ে হাসান বলেন, ‘আমার পরিকল্পনা খুব সহজ ছিল। নিজের শক্তির জায়গা ধরে বোলিং করে যাওয়া।’ কোহলি-রোহিতের উইকেট পাওয়ার প্রতিক্রিয়ায় জানান, ‘না আলাদাকরে কিছু ভাবিনি। আজ আমি আমার জোনে ছিলাম। উইকেট পাওয়া বিষয়টাই আনন্দের। সেটা যার উইকেটই হোক।’
ভারত নিয়ে দলের বোলিং পরিকল্পনা কি ছিল জানতে চাইলে বলেন, ‘আগেও বলেছি বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। আমি চেয়েছি বলগুলো সিমে পিচ করাতে এবং শেপ ঠিক রাখতে।’ চিপকের উইকেট সম্পর্কে জানান, ‘আমার মনে হয় দিনের শুরুতে অর্থাৎ সকালের উইকেট বোলিং করতে সাহায্য করেছে। এর পর যত দিন গেছে উইকেট স্থির হয়েছে এবং বল সহজে ব্যাটে এসেছে। তবুও পরের দিকে ফাস্ট বোলারদের জন্য কিছু ছিল। আমি পরের দিকে যখন বল করেছি তখনও্ কিছু মুভমেন্ট পেয়েছি। আশা করছি কাল আমরা উইকেট নেওয়ার সুযোগ তৈরি করতে পারবো।’
রাওয়ালপিন্ডির ৫ না চেন্নাইয়ের ৪ উইকেট, কোনটা বেশি আনন্দের জানতে চাইলে হাসান সরাসরি উত্তর দেননি, ‘টেস্ট ম্যাচে উইকেট পাওয়াটা আমার কাছে খুব আনন্দদায়ক। রাওয়ালপিন্ডির ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করছি। নিজের সেরাটা দিয়ে যতটুকু টিমের জন্য করতে পারি।’
বাংলাদেশ কোন অবস্থানে আছে সেটাও বলেছেন হাসান, ‘আমরা সকাল থেকে ডমিনেট করেছি। কিন্তু উইকেট এখন ভালো হয়ে গেছে। বোলাররা চেষ্টা করছি কীভাবে কম রান দিয়ে বল করা যায়। একটা সময় মোমেন্টামটা আমাদের দিকে ছিল, এখন ওদিকে শিফট হয়ে গেছে। এটাই গেম অফ ক্রিকেট, যেকোনো কিছু ঘটতে পারে। হতে পারে কাল সকালে আমাদের দিকে ফিরে আসতে পারে। আমাদের চেষ্টা থাকবে আমরা যেন লাঞ্চের আগে অলআউট করতে পারি।’