আওয়ামী লীগ নেতাকর্মীরা এখন বিএনপি সাজার চেষ্টা করছে: আমিনুল হক

নতুনদের ভিড়ে পুরাতনরা হারিয়ে যাচ্ছে। দলের অনেক নেতাকর্মীর মধ্যে এমন ধারণা হয়েছে, এটা সঠিক নয় বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক।

আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে পল্লবী ২ নম্বর কমিউনিটি সেন্টারে পল্লবী-রূপনগর থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, দলের যেসব নেতাকর্মী গত ১৭ বছর ধরে আন্দোলন সংগ্রাম করছেন, স্বৈরাচার আওয়ামী সরকারের দুঃশাসনে নিষ্পেষিত হয়েছেন, বহু মামলা হামলা নির্যাতন নিপীড়নের স্বীকার হয়েছেন, তবুও দলের আদর্শ থেকে পিছপা হননি তাদের পেছনে রাখার সুযোগ নেই। তাদের সর্বোচ্চ মূল্যায়ন করা হবে।

তিনি আরও বলেন, বিএনপি জনগণের দল, জন সমর্থন নিয়ে বিএনপি সবসময় কাজ করে। সেই সমর্থনের জন্য অনেকেই নতুন ভাবে আসবে। তবে শুধু আওয়ামী লীগ ছাড়া আমরা সকলকে সাদরে গ্রহণ করব। আওয়ামী লীগের কোনও স্থান বিএনপিতে নাই। এখন যেসব আওয়ামী লীগের নেতাকর্মীরা নতুন করে বিএনপি সাজার চেষ্টা করছে, তাদের চেষ্টা কখনোই সফল হবে না।

আমিনুল হক বলেন, আওয়ামী লীগ গত ১৭ বছরে কাউকে শান্তিতে থাকতে দেয়নি। বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হামলা নির্যাতন ও নিপীড়ন চালিয়েছে। এই আওয়ামী লীগ স্বৈরাচারের স্থান বাংলার মাটিতে হবে না।

অন্তর্বর্তীকালীন সরকারের অনেক বেশী গুরু দায়িত্ব রয়েছে মন্তব্য করে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, আওয়ামী স্বৈরাচার সরকারের গত ১৭ বছরের ঝঞ্ঝাট ১ মাসে পরিষ্কার করা কখনোই সম্ভব না। এই সরকারকে একটি যৌক্তিক সময় দিয়ে বাংলাদেশের জনগণের বহু আকাঙ্ক্ষিত গণতন্ত্র পুনরুদ্ধার, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং বাংলাদেশের মাটিতে একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। তাহলেই গণতন্ত্র পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা পাবে বাংলাদেশে।

মতবিনিময়সভায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর জাসাস সভাপতি শহিদুল ইসলাম স্বপন, ঢাকা মহানগর উত্তর কৃষকদলের আহ্বায়ক আসজাদুল আরিশ ডল, ঢাকা মহানগর উত্তর শ্রমিকদলের সদস্যসচিব কামরুজ্জামান, স্বেচ্ছাসেবকদল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মহসিন সিদ্দিকী রনি, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য এ বি এম এ রাজ্জাক, মাহাবুব আলম মন্টু, রূপনগর থানা বিএনপির আহ্বায়ক জহিরুল হক, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হুসাইন খান, ডিএনসিসি ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাজ্জাদ হোসেন, ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি শরীফ উদ্দিন জুয়েল, সাধারণ সম্পাদক সাজ্জাদুল মেরাজ, মহিলাদল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব অ্যাডভোকেট রুনা লায়লা, জাসাস ঢাকা মহানগর উত্তর সদস্যসচিব আনোয়ার হোসেন অনু, ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল হাসান রাজসহ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন রূপনগর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইন্জিনিয়ার মজিবুল হক।