ফজলে করিমকে হেলিকপ্টারে চট্টগ্রামে আনা হয়েছে

চট্টগ্রামের-৬ আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে হেলিকপ্টারে ব্রাহ্মণবাড়িয়া কারাগার থেকে চট্টগ্রামে আনা হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে তাকে বহনকারী হেলিকপ্টারটি নগরের দামপাড়া পুলিশ লাইনস মাঠে এসে পৌঁছায়।

পরে র‍্যাব-পুলিশ পাহারায় সড়কপথে তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। চট্টগ্রাম জেলা কারাগারের দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছে।

এর আগে গত ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আব্দুল্লাহপুর এলাকায় বিজিবির হাতে আটক হন ফজলে করিম। পরে তাকে পাসপোর্ট আইনে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। 

জানা যায়, দুটি মামলায় ফজলে করিমকে গ্রেপ্তার দেখানোর জন্য শুনানির জন্য বুধবার দিন ধার্য ছিল। কিন্তু নিরাপত্তাজনিত কারণে তাকে আনা হয়নি। আজও আদালতে আনা হবে সেই খবরে অনেকেই আদালত প্রাঙ্গনে জড়ো হন। তাই আদালতে না নিয়ে সরাসরি হেলিকপ্টারে করে কারাগারে নেওয়া হয়।

সাবেক এমপি ফজলে করিমের বিরুদ্ধে চট্টগ্রাম নগর ও জেলার বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে শিক্ষার্থী হত্যাসহ ১০টি মামলা রয়েছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তার বিরুদ্ধে এসব মামলা হয়।