এই দিনে

১৯৮৬ সালের ২০ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন ছন্দবিশারদ ও রবীন্দ্রবিশেষজ্ঞ প্রবোধচন্দ্র সেন। তার জন্ম ১৮৮৭ সালের ২৭ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া জেলার চুলতা গ্রামে। তার বাবা হরদাস সেন, মা স্বর্ণময়ী সেন। তার স্কুলজীবন কেটেছে কুমিল্লা শহরে। তিনি সিলেট মুরারিচাঁদ কলেজ থেকে ১৯২৪ সালে ইতিহাসে অনার্সসহ বিএ এবং প্রাচীন ভারতীয় ইতিহাস ও সংস্কৃতিতে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯২৭ সালে এমএ ডিগ্রি লাভ করেন। কর্মজীবনের শুরুতে খুলনার দৌলতপুর কলেজের ইতিহাস ও বাংলার অধ্যাপক ছিলেন। পরে বিশ^ভারতীতে অধ্যাপক হিসেবে যোগদান করেন। সেখানে বিদ্যাভবনের রবীন্দ্র-অধ্যাপক ও রবীন্দ্রভবনের অধ্যক্ষ ছিলেন ১৯৪১ থেকে ১৯৫১ সাল পর্যন্ত। এরপর বাংলা বিভাগের প্রধান অধ্যাপক এবং পুনর্গঠিত রবীন্দ্রভবনের রবীন্দ্র-অধ্যাপক ও অধ্যক্ষ ছিলেন। বিশ্বভারতীর ইমেরিটাস অধ্যাপক ছিলেন ১৯৬৫ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত। বাংলা ছন্দের বিশ্লেষক প্রবোধচন্দ্র ছন্দের ইতিহাস রচনা, রবীন্দ্রনাথ ও অন্য প্রধান কবিদের ছন্দ বিশ্লেষণ, বাংলা ছন্দের ব্যাকরণ ও পরিভাষা তৈরিতে পাণ্ডিত্যের পরিচয় দিয়েছেন। ইতিহাস, শিক্ষা, সমাজ, সংস্কৃতি ও বাংলা সাহিত্যের আলোচনায় তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তার বইগুলোর মধ্যে রয়েছে : বাংলা ছন্দে রবীন্দ্রনাথের দান, ছন্দ পরিক্রমা, ছন্দ-জিজ্ঞাসা প্রভৃতি। তার আরেকটি উল্লেখযোগ্য কীর্তি রবীন্দ্রনাথের ‘ছন্দ’ গ্রন্থের সম্পাদনা। অন্যান্য বইয়ের মধ্যে রয়েছে ভারতবর্ষের জাতীয় সংগীত, ভারতাত্মা কবি কালিদাস প্রভৃতি। তিনি বঙ্কিম স্মৃতি পুরস্কার, দেশিকোত্তম উপাধি, কল্যাণী ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে ডি.লিট ও এশিয়াটিক সোসাইটি থেকে মরণোত্তর রবীন্দ্র শতবার্ষিকী স্মারক পদক পেয়েছেন।