মাস কয়েক আগেই সম্পর্কে ছেদ পড়েছে অনন্যা-আদিত্যের। ব্রেকআপের মধ্যেই নাকি নতুন বসন্ত এসেছে অনন্যার জীবন। গুঞ্জন প্রাক্তন মডেল ওয়াকার ব্ল্যাঙ্কোকে নাকি মন দিয়েছেন অভিনেত্রী। প্রেম নিয়ে আলোচনার মধ্যেই তুঙ্গে নায়িকার ক্যারিয়ারও।
প্রাইম ভিডিওর পক্ষ থেকে জানানো হয়েছে যে, ‘কল মি বে’-এর দ্বিতীয় সিজনের কাজ শুরু হয়ে গেছে। সিরিজের নাম ভূমিকায় রয়েছেন অনন্যা পান্ডে।
প্রাইম ভিডিও ইন্ডিয়া তার অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে একটি পোস্ট শেয়ার করে দ্বিতীয় সিজন আসার কথা জানিয়ে লিখেছে, ‘আমাদের দিনটি বে-টার হতে পারেনি। তাই বেলা আবার নতুন সিজন নিয়ে আমাদের মুগ্ধ করতে আসছে।’
করণ জোহর বলেন, ‘কল মি বে’-এর দ্বিতীয় সিজনের ঘোষণা করতে পেরে তিনি ‘আনন্দিত’।
প্রযোজক এক বিবৃতিতে বলেছেন, ‘প্রথম সিজনটি ছিল আমাদের গেম-চেঞ্জার, আমরা সারা বিশ্ব জুড়ে দর্শকদের কাছ থেকে যে ভালোবাসা ও প্রশংসা পেয়েছি, তার জন্য আমরা কৃতজ্ঞ। এই সিরিজের একটি অংশ হওয়া পরম সৌভাগ্যের বিষয়, সিরিজটি স্ক্রিপ্ট থেকে পর্দায় পৌঁছে যাওয়ায় আমি সত্যি খুব আনন্দিত। অনন্যা, ঈশিতা এবং বাকি কাস্টরা যে ভালবাসা পেয়েছেন তা সত্যি আনন্দের বিষয়। আমি নিশ্চিত যে, দ্বিতীয় সিজনটি আগের সিজনের থেকেও আরও বেশি ভালো হবে, দর্শকরা আরও পছন্দ করবেন।’
প্রাইম ভিডিও অনুসারে, ‘কল মি বে’ সিরিজটি স্ট্রিমিং হওয়ার পর থেকে ভারতের সর্বোচ্চ দেখা সিরিজের সেরা ১০-এর তালিকায় ১ নম্বরে রয়েছে। এটি মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকাসহ ৫০টিরও বেশি দেশে সর্বোচ্চ দেখা সিরিজগুলোর মধ্যে সেরা ১০-এ জায়গা করে নিয়েছে।
গত ৬ সেপ্টেম্বর মুক্তি পায় ‘কল মি বে’। সিরিজে অনন্যাকে একজন বিলিয়নিয়ার ফ্যাশনিস্তা ‘বে’ ওরফে ‘বেলা চৌধুরী’-এর ভূমিকায় দেখা গেছে। সিরিজটি প্রযোজনা করেছে ধর্মা প্রোডাকশন। এটি পরিচালনা করেছেন কলিন ডি’কুনহা এবং ঈশিতা মৈত্র।