‘ছাড়পত্রবিহীন ৩৪৯১ ইটভাটা বন্ধ হচ্ছে’

দূষণ রোধে নতুন করে আর কোনো ইটভাটার ছাড়পত্র দেওয়া হবে না বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, পরিবেশগত ছাড়পত্রবিহীন যে ৩ হাজার ৪৯১টি ইটভাটা রয়েছে সেগুলো বন্ধ করে দেওয়া হবে। একই সঙ্গে পার্বত্য এলাকায় অবৈধ সব ইটভাটা স্থানান্তর করা হবে।

গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে পরিবেশ অধিদপ্তর এবং বাংলাদেশ ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের (বিবিএমওএ) নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় পরিবেশ উপদেষ্টা এ তথ্য জানান।

সৈয়দা রিজওয়ানা হাসান ইটভাটার পরিবেশগত প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘শুধু ভবন নির্মাণই যথেষ্ট নয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে হবে।’ সভায় বিবিএমওএর নেতারা ইট তৈরির ক্ষেত্রে পরিবেশবান্ধব প্রযুক্তি গ্রহণের প্রস্তাব দেন। ইটভাটায় সবুজ প্রযুক্তির ব্যবহার উৎসাহিত করতে সরকারের সহযোগিতা চান। তারা উপদেষ্টাকে স্মারকলিপি দেন।