ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে এক যুবককে ‘চোর সন্দেহে’ পিটিয়ে হত্যার ঘটনায় ৮ জন অভিযুক্তকে চিহ্নিত করেছে হল প্রশাসন কর্তৃক গঠিত তদন্ত কমিটি।
আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অভিযুক্ত ৮ জনের ব্যাপারে বিশ্ববিদ্যালয় দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে বলে এতে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘গত বুধবার রাতে ফজলুল হক মুসলিম হলের মর্মান্তিক ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন অত্যন্ত দুঃখিত ও মর্মাহত। এ প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুততার সঙ্গে আইনগত ব্যবস্থা গ্রহণে সচেষ্ট হয়েছে ও ২৪ ঘণ্টার মধ্যে বৃহস্পতিবার সকাল ৮টায় হল প্রশাসন কর্তৃক তদন্ত কমিটি গঠিত হয়েছে। এই কমিটি বৃহস্পতিবার রাত ১১টায় রিপোর্ট পেশ করেছে।’
ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রক্টরিয়াল টিমের সহায়তায় তদন্ত কমিটি কর্তৃক চিহ্নিত ৮ জন অভিযুক্তের মধ্যে ৬ জনকে গ্রেপ্তার করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।