চেন্নাই টেস্টে এখন স্পষ্টতই বড় পরাজয়ের মুখে আছে বাংলাদেশ। আজ তৃতীয় দিন যে কোনো সময় ভারত দ্বিতীয় ইনিংস ঘোষণা করতে পারে। ফলাফল যাই হোক, দুই দলের ক্রিকেটারেরার মজা করতে ছাড়ছেন না। যেমন গতকাল শুক্রবার ম্যাচের দ্বিতীয় দিনে সাকিব আল হাসানকে ‘মালিঙ্গা’ উপাধি দিলেন বিরাট কোহলি।
দিনের শেষ সেশনে ব্যাটিংয়ে নামা বিরাট কোহলি ৩৭ বলে ১৭ রান করে মেহেদী হাসান মিরাজের বলে এলবিডব্লু হয়ে যান। ছোট্ট এই ইনিংসটি খেলার পথে সাকিবের সঙ্গে তিনি মজা করেন। ভারতের দ্বিতীয় ইনিংসে ১৫তম ওভারের শেষ দুই বলে কোহলিকে ইয়র্কার লেংথে বল করেন সাকিব। দুটি বলেই রান পাননি কোহলি। পরে ননস্ট্রাইকে গিয়ে তিনি সাকিবের সঙ্গে মজা করতে ছাড়েননি।
সাকিব তখন ৩০ গজ বৃত্তের মাঝেই ফিল্ডিং করছিলেন। স্টাম্প মাইক্রোফোনের সৌজন্যে কোহলিকে বলতে শোনা যায়, ‘মালিঙ্গা হয়ে গেলে নাকি! ইয়র্কারের পর ইয়র্কার মারছ!’ এই কথায় সাকিবও বেশ মজা পান। মাথা নাড়তে নাড়তে হেসে নিজের ফিল্ডিং করার জায়গায় ফিরে যান। এছাড়া ভারতীয় মিডিয়া দাবি করেছে, কোহলি সাকিবকে শুরুতে বলেছিলেন, ‘তুমি আমার মাল্লি।’ যেটা হয়তো সাকিব বুঝতে পারেননি।
শ্রীলঙ্কার সাবেক পেসার লাসিথ মালিঙ্গা ইয়র্কারের জন্য বিখ্যাত ছিলেন। টানা ইয়র্কার লেংথে বল করতে পারতেন তিনি। সাকিব তো আর পেসার নন, কিন্তু তিনিও ইয়র্কার লেন্থে বল করতে পারেন। কোহলি তাই মজা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের এই কথা বলার ভিডিও ছড়িয়ে পড়েছে।