চট্টগ্রামে সংঘর্ষে নিহত জুবায়ের যুবদল কর্মী নয়!

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় টার্ফ মাঠ দখল নিয়ে সংঘর্ষে নিহত জোবায়ের উদ্দিন বাবু যুবদলের কেউ নয় বলে দাবি করেছেন সংগঠনের নেতারা। এদিকে, এ ঘটনায় ৪০ জনকে আসামি করে চান্দগাঁও থানায় মামলা করেছেন নিহত জোবায়েরের ভগ্নিপতি নাজিম উদ্দিন।

চট্টগ্রাম মহানগর যুবদলের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি দেশ রূপান্তরকে বলেন, শুক্রবারের ঘটনায় নিহত জোবায়ের আমাদের সংগঠনের কেউ নন। যুবদলের কোনো কর্মসূচিতেও তাকে কখনো দেখা যায়নি। বরং তার ফেসবুক আইডির বিভিন্ন পোস্ট থেকে বুঝা যায়, সে যুবলীগের অনুসারী।

শুক্রবার রাতে চান্দগাঁও স্পোর্টস কমপ্লেক্স এর টার্ফ মাঠ দখলকে কেন্দ্র করে মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন ও সাবেক কৃষি বিষয়ক সম্পাদক নুরুল আমিন গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় নিহত জোবায়ের উদ্দিনকে নিজের অনুসারী বলে শুক্রবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গণমাধ্যমকর্মীদের কাছে দাবি করেন মোশাররফ হোসেন।

এদিকে, জোবায়ের উদ্দিন নিহতের ঘটনায় শুক্রবার রাত দেড়টায় চান্দগাঁও থানায় ৪০ জন আসামির নাম উল্লেখ করে একটি মামলা করেন নিহতের ভগ্নিপতি নাজিম উদ্দিন। আসামিদের অধিকাংশই যুবদল, ছাত্রদল ও সেচ্ছাসেবক দলের নেতাকর্মী বলে জানা গেছে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুমন বড়ুয়া জানান, শুক্রবার রাতে ঘটনার পরপরই পুলিশ চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে নাজিম উদ্দিন নামে একজনকে গ্রেপ্তার করেছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্ঠা চলছে।