সংবিধানের আমূল পরিবর্তনের জন্য গণপরিষদ করতে হবে: মির্জা ফখরুল

সংবিধানের আমূল পরিবর্তন বা নতুন সংবিধানের জন্য জনগণের নির্বাচিত সংসদই শ্রেয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সংবিধান সংস্কারে অন্তর্বর্তী সরকার যে উদ্যোগ নিয়েছে, তার জন্য আগে মানুষের কাছে জানতে হবে, তারা কী রকম পরিবর্তন চায়। সংবিধানের আমূল পরিবর্তন বা নতুন সংবিধান করতে হলে আগে গণপরিষদ করতে হবে। গণপরিষদ তৈরি না হলে পরিবর্তন করবে কিভাবে?

শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

বিএনপির মহাসচিব বলেন, এই সরকারের উচিত ছিল বিপ্লবী সরকার করা। এই সংবিধানের অধীনে শপথ না নেওয়া। সেটা তো হয়নি। সংবিধানের অধীনেই তো শপথ নিয়েছে। তাহলে বর্তমান সংবিধানকে সামনে রেখে সেভাবে (সংশোধন) করতে হবে। আমরা নিজেরাই দল থেকে উদ্যোগ নিচ্ছি, সংবিধানের কী কী পরিবর্তন হতে পারে, সেই কাজ শুরু করেছি।

সংবিধান সংশোধন বা পরিবর্তনের বিষয়ে মির্জা ফখরুল বলেন, আমার ব্যক্তিগত বক্তব্য হচ্ছে, সংবিধান পরিবর্তন করতে হলে আগে মানুষের কাছে যেতে হবে, তারা কিভাবে সংবিধানের পরিবর্তনটা চায়। আরেকটা বিষয় আছে, আমি-আপনি-আমরা কয়েকজন এক্সপার্ট মিলে করে দিলাম, সেটা একটা। কিন্তু সংবিধানের আমূল পরিবর্তন বা নতুন সংবিধান- এটা করতে হলে আপনাকে গণপরিষদ করতে হবে। এ ক্ষেত্রে জনমতের বিষয়টি তো আছেই, তারপরে আইনগত দিকগুলোও দেখতে হবে।

সংবিধানের আমূল পরিবর্তনের জন্য জনগণের ম্যান্ডেটকে (সমর্থন) সবচেয়ে নিরাপদ বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু সংস্কার করা দরকার-নির্বাচন কমিশন, প্রশাসন- এগুলো সংস্কার করে নির্বাচনটা করে সেখানে আপনি সবকিছু করতে পারবেন। সংসদে প্রয়োজনীয় সব পরিবর্তন করতে পারেন। সবচেয়ে নিরাপদ হবে, জনগণের ম্যান্ডেটটা নিয়ে যদি আমূল পরিবর্তন করতে চান।

পাবর্ত্য চট্টগ্রামের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় উল্লেখ করে তিনি বলেন, এর সঙ্গে অনেক কিছু জড়িত। একদিকে শূন্যতার সুযোগ নেওয়া, অন্যদিকে জিও পলিটিকসে যে পরিবর্তন ঘটছে মিয়ানমারকে কেন্দ্র করে, ভারতের মণিপুরের যে বিদ্রোহ; এই ঘটনাগুলো ভেরি সিগনিফিকেন্ট বলে মনে করি। তবে এখন কমেন্ট করা ঠিক হবে না।

পাবর্ত্য চট্টগ্রামের প্রসঙ্গ টেনে তিনি বলেন, গতকাল মেইন ঘটনাটা ঘটছে। আমাদের দলের দীপেন দেওয়ান আমাকে ফোন করে বললেন, স্যার ইমিডিয়েটলি কারফিউ দিতে বলেন, কারফিউ ছাড়া একে নিয়ন্ত্রণ করা যাবে না। তখন আমি জানার পরে যাদের চিনি তাদের জানানোর পরও কারফিউ হয়নি। ১৪৪ ধারা দিয়ে চেষ্টা করা হয়েছে। ঠিক এফেক্টিভ কন্ট্রোল তারা করতে পারেনি। এর মধ্যে এটা (ঘটনা) বিস্তার লাভ করেছে। এই যে একটা দেরি হচ্ছে এটা কিন্তু ক্ষতির ব্যাপার হচ্ছে।

এ অবস্থায় বিএনপির পরামর্শ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমাদের পরামর্শ হচ্ছে, রেগুলার পলিটিক্যাল পার্টির সঙ্গে বিশেষত মেইন পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে কথা বলতে হবে। পাবর্ত্য চট্টগ্রামে তো আমাদের চুক্তি আছে, এত দিন কোনো সমস্যা হয়নি। এখানে শুধু পাবর্ত্য চট্টগ্রামের সমস্যা তা নয়, সামাজিক সমস্যা আছে। এই সমস্যাগুলো দীর্ঘকাল ধরে চলছে।