বিএনপির সদ্য সাবেক মহাসচিব ও নব নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন তার জামাতা, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ফাহাম আবদুস সালাম। দীর্ঘদিনের ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে তিনি মির্জা ফখরুল সম্পর্কে মন্তব্য করে বলেন, তার মত ‘জেনুয়িন বাইপার্টিজান’ সমর্থন আর কারোর নেই।
শুক্রবার (২১ আগস্ট) ভোরে ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন।
ফাহাম বলেন, মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করায় আওয়ামী লীগের সমর্থকরাও তাকে অভিনন্দন জানিয়েছেন এবং অনেকে খুশি হয়েছেন। তার দাবি, জীবদ্দশায় কোনো বড় রাজনৈতিক নেতা এ ধরনের ‘জেনুইন দ্বিদলীয় সমর্থন’ পেয়েছেন কি না, তা তার মনে পড়ে না।
মির্জা ফখরুলকে ‘মারদাঙ্গা রাজনীতিবিদ’ না উল্লেখ করে ফাহাম আরও বলেন, তিনি খুব বেশি অর্থবিত্তেরও অধিকারী নন এবং বিএনপিতে তার কোনো গ্রুপিং নেই। রাজনীতিতে সৎ ও ভালো মানুষের জায়গা নেই— যারা এমনটা মনে করেন, তাদের উদ্দেশে ফাহামের মন্তব্য, ‘ইউ আর রং— টোটালি রং।
ফাহাম লিখেছেন, বিএনপির তরুণ নেতাকর্মীদের অনেকে মির্জা ফখরুলকে ‘বাংলাদেশের মহাসচিব’ বলেন। এ কথার মধ্যে সত্যতা আছে। তার দাবি, মির্জা ফখরুল বিএনপির আগে বাংলাদেশকে দেখেন। তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সবার পছন্দ নাও হতে পারে, তবে তিনি যা বলেন, তা বিশ্বাস করেন এবং বাস্তবে প্রয়োগের চেষ্টা করেন।
মির্জা ফখরুল সম্পর্কে ফাহাম আরও বলেন, বাংলাদেশের বর্তমান সামাজিক বাস্তবতায় কোনো নেতার পক্ষেই শতভাগ বা উচ্চমানের গণতন্ত্র চর্চা করা সহজ নয়। তবে মির্জা ফখরুল সারাজীবন সেই চেষ্টা করে যাচ্ছেন। ‘গণতন্ত্রের গাড়িতে ঠেলা দিতে হলে তিনি সবার আগে দাঁড়িয়ে যাবেন’।
এসময় ফাহাম মির্জা ফখরুলে এক আক্ষেপের কথাও জানান। তিনি জানান, মির্জা ফখরুল বহুবার আক্ষেপ করে বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বের করে আনতে না পারা তার নিজের ব্যর্থতা। এই ব্যর্থতাকে তিনি ব্যক্তিগতভাবে নিতেন।
মির্জা ফখরুলকে ফ্রান্স-সুইজারল্যান্ডের অভিনন্দন
মির্জা ফখরুলকে পাকিস্তানের প্রেসিডেন্টের অভিনন্দন