ইংলিশ প্রিমিয়ার লিগে শেষ চার মৌসুমে শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি। তবে শেষ দুই মৌসুমে লিগ টেবিলে অনেকটা সময় সিটিকে চাপে রাখে আর্সেনাল। এবার লিগের পঞ্চম রাউন্ডেই মুখোমুখি হচ্ছে এই দুটি দল। আজ ইতিহাদে ম্যানসিটি আতিথেয়তা দেবে আর্সেনালকে। সবশেষ তিন দেখায় গানার্সদের হারাতে না পারা সিটিজেনরা।
এবার প্রথম চার ম্যাচ জিতে ১২ পয়েন্টে শীর্ষে আছে পেপ গার্দিওলার দল। আর্সেনাল জিতেছে ৩টি, একটি ড্র। ১০ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে তারা আছে দুইয়ে। আর্সেনালের মতো ১০ পয়েন্ট নিউক্যাসলের। আজ সিটিকে হারাতে পারলেই শীর্ষে উঠে যাবে মিকেল আর্তেতার দল। চ্যাম্পিয়নস লিগে লিগ পর্বে নিজেদের প্রথম ম্যাচে দুই দলের ফল একই। সিটি ও ইন্তার মিলানের ম্যাচ গোলশূন্য ড্র হয়। আর্সেনাল ও আতালান্তার ম্যাচও গোলশূন্য ড্র হয়।
আর্লিং হালান্ড সিটির হয়ে ১০০তম গোল থেকে এক গোল দূরে আছেন। আজ ঘরের মাঠে গোল করে মাইলফলকে পৌঁছাতে চাইবেন তিনি। এই মৌসুমে প্রিমিয়ার লিগে চার ম্যাচে ৯ গোল করেছেন হালান্ড। মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনে এই ম্যাচে খেলবেন কি না সেটি নিয়ে শঙ্কা আছে। খেললেও হয়তো পুরো সময় মাঠে থাকবেন না বেলজিয়ামের এই মিডফিল্ডার। ইন্তারের বিপক্ষে ম্যাচে প্রথমার্ধের শেষ দিকে জ্যাক গ্রিলিশের থ্রু বল ধরার জন্য ছুটতে গিয়ে চোট পান তিনি। দ্বিতীয়ার্ধে আর ডি ব্রুইনকে নামাননি কোচ পেপ গার্দিওলা। সংবাদ সম্মেলনে গার্দিওলা জানান, অনুশীলন ডে ডি ব্রুইনকে দেখে সিদ্ধান্ত নেওয়ার কথা। ‘সে কিছুটা ভালো অনুভব করেছে আমরা অনুশীলনে দেখব তার কী অবস্থা। তাকে দলে রাখা হতে পারে।’ ডি ব্রুইন এবার প্রিমিয়ার লিগে চার ম্যাচে একটি গোল করেছেন। আর্তেতা পাবেন না দলের নিয়মিত অধিনায়ক মার্টিন ওডেগার্ডকে। সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে নরওয়ের হয়ে খেলার সময় গোড়ালির ইনজুরিতে পড়েন ওডেগার্ড।
এক সপ্তাহের মধ্যে তিনটি অ্যাওয়ে ম্যাচ খেলতে যাচ্ছে আর্সেনাল। চ্যাম্পিয়নস লিগে খেলেছে আতালান্তার মাঠে, তার আগে প্রিমিয়ার লিগে টটেনহ্যামের মাঠে। ইতিহাদে সিটির বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আর্সেনাল কোচ আর্তেতা বলেন, ‘আমরা প্রাক-মৌসুম থেকেই এই ম্যাচের জন্য প্রস্তুতি নিয়েছি। অবশ্যই আমরা সূচি জানতাম এবং আমরা জানি যে, এই কন্ডিশনে ছয় দিনে তিনটি বড় অ্যাওয়ে ম্যাচ খেলা খুব বিরল। কিন্তু এটাই বাস্তবতা, তাই শারীরিক, মানসিক ও কৌশলগতভাবে এই ম্যাচের জন্য নিজেদের প্রস্তুত করেছি আমরা।’
গেল মৌসুমে লিগে ইতিহাদে ম্যানসিটি-আর্সেনাল ম্যাচ গোলশূন্য ড্র হয়েছিল। তার আগে নিজেদের মাঠে আর্সেনাল জিতেছিল ১-০ গোলে। ২০২৩ এর আগস্টে এফএ কমিউনিট শিল্ডে আর্সেনাল-সিটি ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছিল। তবে ২০২২-২৩ মৌসুমে ইতিহাদে ম্যানচেস্টার সিটি ৪-১ হারায় আর্সেনালকে।
গেল মৌসুমে লিগে ফিরতি দেখায় সিটির মাঠে খেলেছিল আর্সেনাল। সেই সময় অনেকেই ভেবেছিল ওই ম্যাচের ফলাফলেই হবে শিরোপার নির্ধারণ। তবে এবার মৌসুমের শুরুর দিকে ম্যাচ হওয়ায় গার্দিওলা মনে করছেন এটি শিরোপা নির্ধারণে তেমন প্রভাব ফেলবে না।
গার্দিওলা বলেন, ‘গেল বছর তাদের বিপক্ষে ম্যাচে কঠিন প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। তারা ভালো দল, আমরাও। এ কারণেই গেল দুই মৌসুম ধরে আর্সেনাল আমাদের মূল প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছিল। এখন মৌসুমের কেবল শুরু। তাই লিগ টেবিলে শিরোপা নির্ধারণে এটি তেমন প্রভাব ফেলবে না। গুরুত্বপূর্ণ হয়ে উঠবে লন্ডনে হওয়া দ্বিতীয় লেগ।’ গেল মৌসুমে আর্সেনালের থেকে দুই পয়েন্টে এগিয়ে থেকে শিরোপা জিতেছিল ম্যানসিটি।