উত্তরায় ছাত্র হত্যা মামলার আসামি মতি গ্রেপ্তার

রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ছাত্র হত্যা মামলা আসামি মো. মতি (৫০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টর সুইস গেট কাঁচাবাজার থেকে তাকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

এ সময় থানার সামনে আসামি মতির আত্মীয়-স্বজন বিক্ষোভ ও পরিস্থিতি অস্বাভাবিক করার চেষ্টা করে। পরে আর্মিদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। মতির ছোট ভাইসহ অনেকেই সেখান থেকে পালিয়ে যায়।

এ বিষয় উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্র হত্যার ঘটনায় তার বাবা বাদী হয়ে আদালতে মামলা করেছেন। আদালতের নির্দেশে থানায় হত্যা মামলা নথিভুক্ত হয়েছে। ওই হত্যা মামলার ১৩ নম্বর আসামি মো. মতি।

তিনি আরও বলেন, ওই মামলায় মতিকে গ্রেপ্তারের পর তাদের স্বজনেরা এসে থানার সামনে বিক্ষোভ করেন। মো. মতি উত্তরা সুইসগেট কাঁচা বাজার দোকান মালিক সমিতির সভাপতি। মতি উত্তরার রানাভোলা এলাকার আহমেদ আলীর ছেলে।

মতির আত্মীয় পরিচয় দিয়ে একজন বলেন, 'মতি ভাই কখনোই আওয়ামী লীগ করেন নাই। তিনি কোনো আন্দোলনেও ছিলেন না। পুলিশ বলছে, তার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে।'