ফরিদপুরের নগরকান্দায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিতাস শেখ (১৮) ও উৎস মোল্লা (১৭) নামে দুই বন্ধু নিহত হয়েছেন। তারা দুজন কুয়াকাটা সমুদ্র সৈকত ভ্রমণ শেষে বাড়ি ফিরছিলেন।
রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল নয়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের নগরকান্দা উপজেলার কান্দি নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত তিতাস শেখ নড়াইলের কালিয়া উপজেলার ফুলদার গ্রামের রবিউল শেখের ছেলে ও উৎস মোল্লা উপজেলার বজুমামপুর গ্রামের সাবু মোল্লার ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উৎস মোল্লা বাবার একমাত্র ছেলে। তার বন্ধু তিতাস শেখকে নিয়ে কুয়াকাটা সমুদ্র সৈকত ভ্রমণ শেষে নিজ বাড়ি ফেরার পথে নগরকান্দার কান্দি এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর পড়ে গিয়ে দুজনেই ঘটনাস্থলে নিহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) এম এ নোমান বলেন, তারা দুই বন্ধু কুয়াকাটা সমুদ্র সৈকত ভ্রমণ শেষে করে বাড়িতে ফেরার সময় পথিমধ্যে নগরকান্দার কান্দি নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।