হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার সময় ছয়জনকে আটক করেছে বিজিবি। রবিবার (২২ সেপ্টেম্বর) ভোরে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধীন ধর্মঘর বিওপির একটি টহল দল বাংলাদেশের ভেতরে সন্তোষপুর নামক স্থান থেকে তাদের আটক করে।
আটকরা হলেন— চাঁপাইনবাবগঞ্জ সদরের কালীনগর গ্রামের মরাপাগলা গ্রামের দুলাল মিয়া (৩০), একই এলাকার চাকপাড়া গ্রামের রাসেল (১৬), শাহাদত হোসেন (১৯), চুনাপুটি গ্রামের আব্দুল বারী (৩০), আব্দুল আলীম (১৯) ও শিবগঞ্জ থানার গুণটুলা গ্রামের তোষার আলী (১৭)। তারা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন।
জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, দালালের সহায়তায় দু-তিন মাস আগে মাধবপুর সীমান্ত দিয়ে রাজমিস্ত্রির কাজ করার জন্য অবৈধভাবে তারা ভারতে গিয়েছিলেন। ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে ঢোকার সময় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ২০০ টাকা জব্দ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, বিজিবি তাদের আটক করে থানায় সোপর্দ করেছে। তারা সবাই অনুপ্রবেশকারী। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।