বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

ঢাকা-বরিশাল মহাসড়কে দ্রুতগতির একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শনিবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে গৌরনদী উপজেলার ইল্লা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গৌরনদী পৌরসভার ১নং ওয়ার্ডের সুন্দরী মহল্লার জামাল মাঝির ছেলে লাভলু মাঝি (৩৫) ও উপজেলার রাজাপুর নন্দনপট্টি গ্রামের সফি মৃধার ছেলে সেন্টু মৃধা (৪০)।

স্থানীয়রা জানান, বরিশাল থেকে ছেড়ে আসা সাকুরা পরিবহনের বেপরোয়া গতির বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক ও আরোহী বাসের নিচে চাপা পড়ে। খবর পেয়ে গুরুতর অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে লাভলু মাঝিকে মৃত ঘোষণা করা হয়। আজ রবিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সেন্টু মৃধা। 

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল মোল্লা জানান, আহতদের মধ্যে মোটরসাইকেল চালক লাভলু মাঝি হাসপাতালে আনার পর মারা যান। গুরুতর আহত সেন্টু মৃধাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে সেন্টু মৃধা মারা গেছেন। এদিকে দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে তিনি।