রানীর শেষ নীড়ের শুরু

৮২ বছর বয়সে দাবা অলিম্পিয়াডে অংশ নিতে গিয়ে ৮ ম্যাচে ৭ জয় নিয়ে ফিরছেন রানী হামিদ। টানা ৬ জয়ের পর শনিবার নরওয়ের দাবাড়–র কাছে হেরে গিয়েছিলেন তিনি। কিন্তু আজ শেষ রাউন্ডে বেলজিয়ামের প্রতিযোগীকে হারিয়ে দিয়েছেন দাবায় বাংলাদেশের এই আইকন।

অন্যদিকে কিশোর মনন রেজা নীড় ইসরায়েলের প্রতিযোগীকে আগের দিন হারানোর পর শেষ রাউন্ডে দক্ষিণ কোরিয়ার দাবাড়–র সঙ্গে ড্র করেছেন। সব মিলিয়ে ১০ গেমে অংশ নিয়ে ৪টি জয় ও তিনটি ড্র করেছেন তিনি।

হাঙ্গেরির বুদাপেস্টে দাবা অলিম্পিয়াডের ওপেন বিভাগের দশম রাউন্ডে বাংলাদেশের প্রতিপক্ষ ইসরায়েল হওয়ায় গেম বয়কট করেন এনামুল হোসেন রাজীব। খেলেননি নিয়াজ মোর্শেদও। তাই তিন বোর্ডে খেলতে নামেন তিন কিশোর মনন রেজা নীড়া, ফাহাদ রহমান ও তাহসিন তাজওয়ার জিয়া। চতুর্থ বোর্ডে তাহসিন প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি সেই অর্থে। প্রথম বোর্ডে আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ইসরায়েলি গ্র্যান্ডমাস্টারের সঙ্গে খানিকটা লড়াই করে হেরেছেন। জিততে পারলে ফাহাদ জিএম নর্ম পেতেন।

কিন্তু মনন রেজা নীড় ২৫৪৩ রেটিংধারী ইসরায়েলি গ্র্যান্ডমাস্টার গোর্শটেইন ইডোকে  ৭৩ চালে হারিয়ে দেন। নীড় একাদশ রাউন্ডে দক্ষিণ কোরীয় দাবাড়–র সঙ্গে ড্র করেন রবিবার। শেষ রাউন্ডে জয় পেয়েছেন রাজীব ও তাহসিন। আর ড্র করেছেন নিয়াজ মোর্শেদ। সব মিলিয়ে ১১ রাউন্ড থেকে ১২ পয়েন্ট তুলেছে বাংলাদেশের পুরুষ দাবাড়–রা।