মায়ামির ড্র ম্যাচে মেসি নিষ্প্রভ

মেজর লিগ সকারে আগের ম্যাচে বদলি হিসেবে খেললেও শনিবার নিউ ইয়র্ক সিটি এফসির বিপক্ষে শুরুর একাদশেই ছিলেন লিওনেল মেসি। কিন্তু গোল বা গোলে অবদান কোনোটিই রাখতে পারেননি তিনি। শেষ মুহূর্তে গোল হজম করে পয়েন্ট হারিয়েছে মায়ামি। লিগে টানা দুই ম্যাচে ড্র করল তারা ।

ম্যাচের পঞ্চম মিনিটে মেসির ফ্রি-কিকে বল ডান জালের পাশ দিয়ে যায়। প্রতিপক্ষের মাঠে গোল পেতে মায়ামিকে ৭৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। ৭৫ মিনিটে মায়ামিকে এগিয়ে নেন ইকুয়েডরিয়ান ফরোয়ার্ড লিওনার্দো কাম্পানা। কাম্পানা ৭২ মিনিটে রবার্ট টেইলরের বদলি হিসেবে নামেন। জর্দি আলবার পাস থেকে গোল করেন কাম্পানা। জয়ের সুবাস পাচ্ছিল মায়ামি। কিন্তু যোগ করা সময়ের পঞ্চম মিনিটে জেমস স্যান্ডসের গোলে সমতায় ফেরে নিউ ইয়র্ক সিটি এফসি। স্যান্ডস গোলটি করেছেন সান্তিয়াগো রদ্রিগেজের কর্নার থেকে হেডে।

প্লে-অফে জায়গা নিশ্চিত হয়ে গেছে আগেই, ইন্টার মায়ামি এবার স্বপ্ন দেখছে একটি রেকর্ডের। সেটি এমএলএস ইতিহাসে এক মৌসুমে সবচেয়ে বেশি পয়েন্ট অর্জনের রেকর্ড। এমএলএসে এক মৌসুমে সর্বোচ্চ ৭৩ পয়েন্ট পাওয়ার রেকর্ড ছুঁতে এখনো মায়ামির হাতে আছে ৪ ম্যাচ। এই ৪ ম্যাচ থেকে অন্তত ১০ পয়েন্ট পেলেই ২০২১ সালে গড়া নিউ ইংল্যান্ড দলের রেকর্ডটি ভেঙে ফেলবে তারা। ৩০ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে শীর্ষেই আছে মায়ামি। দুই কনফারেন্স মিলিয়ে সর্বোচ্চ পয়েন্ট অর্জন করতে পারলে সাপোর্টার্স শিল্ড জিতবে মায়ামি। এরপর এমএলএস কাপের প্লে-অফ খেলবে তারা।